জায়েন মেরি খানের কয়েকটি সংগৃহীত ছবি
-->কয়েক সেকেন্ডের ভিডিও, অথচ তাতেই তোলপাড় সমাজমাধ্যম! হাতে-পায়ে একাধিক ক্ষতচিহ্ন। কোনো বক্তব্য নেই, নেই কোনো অভিযোগের স্পষ্ট উল্লেখ।
শুধু শরীরের আঘাতের দাগ দেখিয়েই যেন অনেক প্রশ্ন তুলে দিলেন আমির খানের ভাইঝি জায়েন মেরি খান।
বিক্ষোভে আটক হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মুক্তি পেয়েছিলেন তিনি। বাড়ি ফিরে তার এই ভিডিও প্রকাশ্যে আসতেই আটকের সময় কী ঘটেছিল, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে প্রধান নির্বাচন কর্মকর্তা জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভের সমর্থনে মুম্বইয়ের ক্রান্তি ময়দানে আয়োজিত প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন জায়েন। সেখান থেকেই অভিনেতা ইমরান খান, তার বান্ধবী এবং জায়েনকে আটক করে মুম্বই পুলিশ।
কয়েক ঘণ্টা পর অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু মুক্তির পর জায়েনের সমাজমাধ্যমে পোস্ট করা ভিডিও নতুন করে আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে গোটা ঘটনাকে।
ভিডিওতে জায়েনের হাত ও পায়ের একাধিক জায়গায় ক্ষতচিহ্ন দেখা গেছে। কোনো কথা না বলেই কয়েক সেকেন্ডের ওই ভিডিওতে আঘাতের দাগগুলি তুলে ধরেছেন তিনি। আর তাতেই প্রশ্ন উঠছে, আটকের সময় ঠিক কী ঘটেছিল? ধস্তাধস্তি বা অন্য কোনো কারণে কি আঘাত পেয়েছিলেন তিনি? যদিও এই মুহূর্তে তার শরীরে ক্ষতচিহ্নের কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। জায়েনও ভিডিওতে আঘাতের কারণ স্পষ্ট করেননি।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিক্ষোভকারীদের আটক করার পদ্ধতি এবং পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। তবে আঘাতের কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য সামনে না আসা পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো সম্ভব নয়।
