ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ঘটনায় এখন পর্যন্ত ২১ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও ৮৬৫ জন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।পেন্টাগনের প্রতিরক্ষা হতাহতের তথ্যব্যবস্থা (ডিসিএএস) অনুযায়ী, গত ৯ অক্টোবর পর্যন্ত এসব হতাহতের তথ্য নথিভুক্ত করা হয়েছে। আগের পরিসংখ্যানের তুলনায় নিহতের সংখ্যা দুজন এবং আহতের সংখ্যা চারজন বেড়েছে।
পেন্টাগনের প্রকাশিত হিসাব অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে সরাসরি নিহত সেনাসদস্যদের পাশাপাশি এই অভিযান-সংশ্লিষ্ট অন্যান্য ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদেরও হতাহতের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে ইরান সংঘাতকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর মোট হতাহতের সংখ্যা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, গত ৭ জুলাইয়ের পর ঘটে যাওয়া কিছু হতাহতের ঘটনা ‘অপারেশন এপিক ফিউরি’র আওতায় প্রকাশিত হিসাবের বাইরে আলাদাভাবে নথিভুক্ত করা হয়েছে। এ কারণে সংঘাতের সঙ্গে সংশ্লিষ্ট মোট নিহত ও আহত সেনাসদস্যের প্রকৃত সংখ্যা নির্ধারণ জটিল হয়ে পড়েছে।
এর আগে সেপ্টেম্বরের শুরুতে পেন্টাগনের প্রকাশিত হিসাবে ইরান সংঘাত-সংশ্লিষ্ট ঘটনায় ১৮ জন মার্কিন সেনাসদস্য নিহত এবং ৮২০ জন আহত হওয়ার তথ্য জানানো হয়েছিল। সে সময় মোট সামরিক হতাহতের সংখ্যা ছিল ৮৩৮। সর্বশেষ পরিসংখ্যানে নিহত ও আহতের সংখ্যা আরও বেড়েছে।
The post ইরান সংঘাতে মার্কিন সেনা নিহতের সংখ্যা বেড়ে ২১, আহত ৮৬৫ appeared first on Mohona Tv.
