Published on
:
2 min read
কনট্যাক্ট লেন্স এখন আর শুধু চশমার বিকল্প নয়। বরং ফ্যাশনেরও অংশ। সাজগোজ করার পরে আর চোখে চশমা তুলতে ইচ্ছে যায় না। মনে হয়, সমস্ত সাজটাই মাটি হয়ে গেল। তাই শেষ অবধি কনট্যাক্ট লেন্স ভরসা। আর ঠিক এই কারণেই দুর্গাপুজোতেও একটা নতুন লেন্স কিনেছেন। কিন্তু কনট্যাক্ট লেন্স পরলেই হলো না, কয়েকটা বিষয় মাথায় রাখাও দরকার। না হলে ভুগতে হবে চোখের সংক্রমণে।
কনট্যাক্ট লেন্স পরে ঘুমোনো চলবে না
রাতভর ঠাকুর দেখে ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছেন। শরীরে আর এনার্জি নেই। তাই চোখে কনট্যাক্ট লেন্স পরেই ঘুমিয়ে পড়লেন। এতে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। দীর্ঘক্ষণ লেন্স পরে থাকলে এবং তা পরে ঘুমিয়ে পড়লে চোখের কর্নিয়ায় অক্সিজেন সরবরাহ কমে যায়। তাই শরীর যতই ক্লান্ত থাকুক লেন্স খুলে ঘুমোতে হবে।
ঘন ঘন চোখে হাত নয়
ঠাকুর দেখতে বেরিয়ে চোখে হাত দিচ্ছেন। কিংবা চোখ কড়কড় করায় চুলকে ফেলছেন। এই সব করলে চলবে না। লেন্স পরে চোখ রগড়ালে কর্নিয়া ও মণির ক্ষতি হতে পারে। তা ছাড়া বার বার নোংরা হাত চোখে দিতে সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।
হাত না ধুয়ে এই কাজ নয়
লেন্স পরা ও খোলার সময়ে হাত ধোয়া জরুরি। সাবান দিয়ে হাত ধুতে হবে। নোংরা হাত চোখে বা লেন্সে ব্যবহার করলে চোখে সংক্রমণ হতে পারে। পাশাপাশি লেন্স খুলে তা নির্দিষ্ট দ্রবণে ধুয়ে লেন্সের কৌটোতেই দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। এটা যদি না করেন, তা হলে ওই লেন্স আর পুনরায় ব্যবহার করতে পারবেন না।
কখন এড়িয়ে চলবেন কনট্যাক্ট লেন্স?
বেশ কিছু লক্ষণ রয়েছে, যা কনট্যাক্ট লেন্স পরার পরে দেখা দিতে পারে। সে সব ক্ষেত্রে কনট্যাক্ট লেন্স না পরাই ভালো। লক্ষণগুলো হলো: চোখ সবসময় লাল হয়ে থাকা, চোখে অস্বস্তি বা ব্যথা অনুভূত হওয়া, চোখে জ্বালা ভাব, হঠাৎ করে তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যাওয়া বা তাকাতে সমস্যা হওয়া, দৃষ্টিশক্তি হঠাৎ কিছুটা ঝাপসা হয়ে যাওয়া, চোখ দিয়ে অনবরত জল পড়া, চোখ কড়কড় করা, চোখ থেক পুঁজ বা স্রাব বের হওয়া ইত্যাদি। এ ছাড়া ড্রাই আইজের সমস্যা থাকলে কনট্যাক্ট লেন্স এড়িয়ে চলুন।
FAQ
১. কনট্যাক্ট লেন্স পরে ঘুমোলে কী হতে পারে?
লেন্স পরে ঘুমোলে কর্নিয়ায় অক্সিজেনের সরবরাহ কমতে পারে এবং চোখের সংক্রমণের ঝুঁকি বাড়তে পারে।
২. কনট্যাক্ট লেন্স পরার আগে কী করতে হবে?
সাবান দিয়ে হাত ভালো করে ধুয়ে পরিষ্কার হাতে লেন্স পরতে হবে।
৩. কনট্যাক্ট লেন্স পরে চোখ চুলকালে কী করবেন?
চোখ ঘষবেন না। অস্বস্তি হলে লেন্স খুলে ফেলুন। সমস্যা না কমলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন।
৪. কোন লক্ষণ দেখা দিলে কনট্যাক্ট লেন্স পরা বন্ধ করা উচিত?
চোখ লাল হওয়া, ব্যথা, জ্বালা, অতিরিক্ত জল পড়া, পুঁজ বেরোনো বা দৃষ্টি ঝাপসা হওয়ার মতো লক্ষণ দেখা দিলে লেন্স খুলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
৫. ড্রাই আইজের সমস্যা থাকলে কি কনট্যাক্ট লেন্স পরা যায়?
ড্রাই আইজের সমস্যা থাকলে কনট্যাক্ট লেন্সে অস্বস্তি বাড়তে পারে। তাই লেন্স ব্যবহারের আগে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
