মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রতিনিধি, বান্দরবান।
বান্দরবানের লামা উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর তিন কিশোরীর নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত ১০ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার আশায় দিন গুনছেন পরিবারের সদস্যরা।
নিখোঁজ তিন কিশোরী হলেন—লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা বধুরঝিরি এলাকার বাসিন্দা আবুল হাশেমের মেয়ে তানিয়া সুলতানা, শহিদুল ইসলামের মেয়ে রেশমি আক্তার এবং বেলাল উদ্দিনের মেয়ে হালিমাতুচ্ছ সাদিয়া।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সার্টিফিকেট আনার কথা বলে বাড়ি থেকে বের হন রেশমি আক্তার। পরে তাঁর সঙ্গে অন্য দুই কিশোরীও বের হয়। এরপর থেকেই তিনজনের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
তবে সার্টিফিকেট সংগ্রহের বিষয়টি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, নিখোঁজ তিন কিশোরীর কেউই সার্টিফিকেট নিতে তাঁর বিদ্যালয়ে যায়নি। অন্যদিকে, ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, ওই তিন শিক্ষার্থী বিদ্যালয়ে অনিয়মিত ছিল। তাদের সন্ধানে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি।
এ বিষয়ে লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ জানান, নিখোঁজ কিশোরীদের অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাদের নিখোঁজ হওয়ার কারণ উদঘাটন এবং সন্ধান পেতে পুলিশ কাজ করছে।
এদিকে, তিন কিশোরীর নিখোঁজের ঘটনায় স্বজনদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে। সন্তানদের নিরাপদে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা। দ্রুত নিখোঁজ কিশোরীদের সন্ধান বের করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
নিখোঁজের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশি অনুসন্ধানের অগ্রগতির দিকে তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট পরিবারগুলো।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
