‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা, র্যালি ও সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
পিরোজপুরের জেলা প্রশাসক মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) জহিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সুমন চন্দ্র দেবনাথ এবং পিরোজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইফতেখারুল ইসলাম শামীম।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী বলেন, উপকূলীয় এলাকা হওয়ায় পিরোজপুর ভৌগোলিকভাবেই সাইক্লোন ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মুখে থাকে। এ পরিস্থিতি মোকাবিলায় শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়, প্রতিটি পরিবারে নিজস্ব সচেতনতা ও দক্ষতা গড়ে তোলা জরুরি বলে উল্লেখ করেন তিনি।
আলোচনা পর্ব শেষে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিনির্বাপণ, আত্মরক্ষা ও দুর্যোগকালীন তাৎক্ষণিক উদ্ধারকাজের নানা কৌশল নিয়ে জীবন্ত মহড়া প্রদর্শন করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেএইচআর
