পাটনা, ২৩ অক্টোবর: মানা হয়নি ন্যূনতম অগ্নি বিধি। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বসতবাড়ির মধ্যে রমরমিয়ে চলছিল বাজি কারখানা। তৈরি বাজি মজুত করা হয়েছিল ঘরের মধ্যেই। শুক্রবার ঘটে গেল দুর্ঘটনা। প্রবল বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। বিহারের সিওয়ান জেলার ঘটনা। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। জখম অনেকে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, বাড়িতে বাজি কারখানা করেছিলেন মহম্মদ আমিরুদ্দিন মিঞাঁ নামে এক ব্যবসায়ী। তাঁর বাড়িতে বিপুলও বাজি মজুত ছিল। আজ বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে একের পর এক বিকট শব্দে কেঁপে ওঠে চারপাশ। বিস্ফোরণের তীব্রতা এতো প্রবল ছিল যে বাড়ির সামনের অংশ ভেঙে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, অগ্নিকাণ্ডের সময় অনেকে অভিশপ্ত বাড়িটিতে ছিলেন। যদিও নির্দিষ্ট কোনও সংখ্যা জানা যায়নি। পুলিশ ও প্রশাসনের পদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে এসেছেন। চলছে উদ্ধারকাজ। তবে অধিকাংশ দেহ ঝলসে যাওয়ায় সেগুলিকে শনাক্ত করা কঠিন বলে আশঙ্কা করা হচ্ছে।
