গাজীপুরের টঙ্গীতে রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ বাবা-মায়ের পর মারা গেছে তাদের একমাত্র মেয়ে তানিশা (১৬)। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, গত বুধবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তানিশার বাবা লাল চান মিয়া (৬০) ও মা নাসিমা (৫০) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
নিহত তানিশা পরিবারের সঙ্গে টঙ্গী পশ্চিম থানার ৫২ নম্বর ওয়ার্ডের মুদাফা এলাকার মাস্টার বাড়িসংলগ্ন ফখরুল হাসানের বাসায় ভাড়া থাকত।
নিহত তানিশার মামা জিহাদ আলী জানান, বুধবার রাত ৮টার দিকে তার ভগ্নিপতি ও বোনের মৃত্যু হয়। শুক্রবার সকালে মারা গেছে তার ভাগ্নি তানিশাও। আইনি প্রক্রিয়া শেষে তানিশার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তানিশার মৃত্যু হয়েছে। এর আগে গত বুধবার তার বাবা-মায়ের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তানিশার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রসঙ্গত, গত বুধবার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে মুদাফা এলাকার ওই ভাড়া বাসায় রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের পাইপে লিকেজ থেকে গ্যাস জমে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় লাল চান মিয়া, তার স্ত্রী নাসিমা ও মেয়ে তানিশা গুরুতর দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
আশিকুর রহমান/এমএমবি
