
ভারতের রাজধানী নয়াদিল্লির সেন্ট্রাল পার্কে জাতীয় পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণার পর ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সেখানে জাতীয় পতাকা নিয়ে তরুণদের জড়ো হওয়ার কথা ছিল। অভিজিৎকে আটকের প্রায় এক ঘণ্টার মধ্যে ছাত্রনেত্রী নেহা বোরাকেও আটক করা হয়।
সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, নেহা বোরা মান্দি হাউস সার্কেল থেকে জাতীয় পতাকা হাতে মিছিল নিয়ে সেন্ট্রাল পার্কের দিকে যাচ্ছিলেন। এ সময় তাঁকে আটক করে পুলিশ।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন করছেন ককরোচ জনতা পার্টির তরুণ সমর্থকেরা। তাঁদের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারকে সুবিধা দিতে ভোটার তালিকা থেকে কয়েক কোটি মানুষের নাম বাদ দিয়েছেন জ্ঞানেশ কুমার।
আন্দোলনকারীদের দাবি, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে প্রায় ৭০ লাখ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল। নির্বাচন শেষ হওয়ার পর তাঁদের নাম আবার তালিকায় যুক্ত করা হয়।
দলটির দুই সহপ্রতিষ্ঠাতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসকে গ্রেপ্তার এবং রিমান্ডে নেওয়ার প্রতিবাদে শুক্রবার সেন্ট্রাল পার্কে পতাকা উত্তোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল।
এর আগে গত ১০ অক্টোবর যন্তরমন্তরে সমাবেশের ঘোষণা দিয়েছিল ককরোচ জনতা পার্টি। তবে ওই দিন পুলিশ কাউকে সেখানে যেতে দেয়নি। একই সঙ্গে অভিজিৎ, আশুতোষ ও সৌরভকে আটক করা হয়েছিল। পরদিন তাঁরা মুক্তি পান।
পরে ১৩ অক্টোবর যন্তরমন্তরে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন আশুতোষ ও সৌরভ। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের গ্রেপ্তারের প্রতিবাদেই শুক্রবার নতুন করে পতাকা উত্তোলনের কর্মসূচি নেওয়া হয়েছিল।
অর্থসূচক/
The post ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা ও নেহা বোরা আটক appeared first on অর্থসূচক.
