কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও আরেকটি ‘গুপ্ত দল’ যৌথভাবে চক্রান্ত ও অপপ্রচারে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘পরাজিত শক্তি ও এই গুপ্ত দলের আচরণ ও কথাবার্তা প্রায় অভিন্ন। অতীতের মতো এখনো তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি শেষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন রিজভী।
আরও পড়ুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছিল একটি অপপ্রচারকারী দল। তাদের সঙ্গে এখন যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল। প্রমাণ আছে যে তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক রয়েছে। তারা নিজেরাই বলেছিল যে আওয়ামী লীগকে মাফ করে দেবে। সুতরাং যার যেটা প্রমাণ থাকতে হয়, সেটা আছে। বিজিত শক্তির আচরণ এবং এই দলটির আচরণ একই রকম।’
অতীতে বিএনপিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালানো হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘আগে অপপ্রচার করা হতো যে বিএনপি একটি জঙ্গি রাজনৈতিক দল, বিএনপি ক্ষমতায় থাকলে অন্য ধর্মের মানুষরা নিরাপদ নয়। কিন্তু এবার তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার প্রমাণ করে দিয়েছে যে সরকার সতর্ক থাকলে কোনো চক্রান্তকারী তাদের নীল নকশা বাস্তবায়ন করতে পারে না। বিএনপির নেতা-কর্মীরা দিন-রাত কাজ করে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করেছেন।’
আরও পড়ুন
তিনি আরও বলেন, ‘বিগত ১৭-১৮ বছরের মধ্যে এবার সবচেয়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হয়েছে। এমনকি পার্শ্ববর্তী দেশ থেকে আসা দর্শনার্থীরাও এই সুষ্ঠু পরিবেশের প্রশংসা করেছেন।’
ডেঙ্গু পরিস্থিতি ও সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকার ও বিএনপির পক্ষ থেকে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। খ্যাতনামা চিকিৎসকদের পরামর্শে তৈরি সচেতনতামূলক লিফলেট সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে। এটি মূলত একটি ব্যবস্থাপত্রের (প্রেসক্রিপশন) মতো কাজ করবে।’
আরও পড়ুন
রিজভী জানান, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিরা যাতে বিনামূল্যে চিকিৎসা পান, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে সরকারি হাসপাতালগুলোতে বিনামূল্যে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত স্যালাইনের সরবরাহ নিশ্চিত করা হয়েছে এবং সারা দেশে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হচ্ছে।
সরকারের অর্থনৈতিক অর্জনের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সরকার যে প্রতিশ্রুতি দেয়, তা নিষ্ঠার সঙ্গে বাস্তবায়ন করে। অর্থনীতিবিদরা জানিয়েছেন, সরকার গঠিত ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের মাধ্যমে এ বছরেই দেশের দারিদ্র্য আরও ৫ শতাংশ কমে যাবে। এটাই তারেক রহমানের সরকারের বড় অর্জন।’
লিফলেট বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইদুল হক বাবুল, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদুর রহমান এবং ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মোহাম্মদ আলী/সালমান/
