কালবেলা · স্বাস্থ্য
হাসপাতালে চিকিৎসাধীন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
২২/১০/২০২৬

চুয়াডাঙ্গা জেলা কারাগারের সাজাপ্রাপ্ত কয়েদি আনোয়ার হোসেন চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে মারা গেছেন।
বুধবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। এর আগে রাত ১১টা ৫ মিনিটে বুকে ব্যথা অনুভব করায় কারাগার থেকে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আনোয়ার হোসেন (৬০) চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মরহুম আমিরুল ইসলামের ছেলে। ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে আসেন।
কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উচ্চ রক্তচাপ (এইচটিএন) ও ইস্কেমিক হার্ট ডিজিজে (আইএইচডি) আক্রান্ত আনোয়ার হোসেন গত ১৭ অক্টোবর থেকে কারা হাসপাতালে ভর্তি ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ২১ অক্টোবর রাত ১১টা ৫ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।
মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে অ্যাকিউট করোনারি সিনড্রোম (এসিএস), ডায়াবেটিস মেলিটাস (ডিএম), ব্রঙ্কিয়াল অ্যাজমা (বি.অ্যাজমা) ও উচ্চ রক্তচাপের (এইচটিএন) উল্লেখ রয়েছে।
কারাগার সূত্রে আরও জানা গেছে, পেনাল কোডের ৩২৪ ধারার একটি মামলায় আদালতের বিচারক আনোয়ার হোসেনকে দুই বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এরপর ৩০ সেপ্টেম্বর থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে ছিলেন।
বিধি অনুযায়ী, সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের কথা রয়েছে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন, আনোয়ার হোসেন একটি মারামারি মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসাবে ৩০ সেপ্টেম্বর কারাগারে আসেন। বুধবার রাতে খুব অস্থিরতা অনুভব করেন তিনি। কারাগারের গাড়িতে করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদনের পর চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হবে। তারপর বিধি মোতাবেক মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
মূল প্রতিবেদনে যান ↗