প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের অফিস সহকারী পরিচয়ে প্রতারণার অভিযোগে নাটোরের সিংড়ায় এক সাবেক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। এর আগে শুক্রবার রাতে সিংড়া উপজেলার বালুয়া বাসুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার যুবকের নাম আবু হুরায়রা ওরফে খালেদ ওরফে রাশেদ (৩০)। তিনি সিংড়া পৌর শহরের বালুয়া বাসুয়া মহল্লার জিয়াদুল ইসলামের ছেলে। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি সিংড়া পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। পরে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত বাংলাদেশ বেতার, রংপুরে রেডিও টেকনিশিয়ান পদে সরকারি চাকরি করেন। সেখানে কর্মরত অবস্থায় একই ধরনের প্রতারণার মামলায় তিনি সাময়িক বরখাস্ত হন। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুপার বলেন, আবু হুরায়রা প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের অফিস সহকারী পরিচয়ে প্রভাবশালী ব্যক্তি, সরকারি চাকরিজীবীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতেন। পরে সরকারি সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়া এবং বিএনপিতে পদায়ন ও মনোনয়ন দেওয়ার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন।
পুলিশের ভাষ্য, হোয়াটসঅ্যাপে যোগাযোগের পর বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা আদায় করতেন আবু হুরায়রা।
এ ঘটনায় গ্রেফতার যুবকের বিরুদ্ধে সিংড়া থানায় সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। প্রতারণার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।