ঢাকা,১৬ অক্টোবর-মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সড়ক পরিবহন আইন ২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী, মোটরসাইকেলে অনুমোদিত আরএফআইডি ট্যাগসহ রেট্রো-রিফ্লেক্টিভ নম্বরপ্লেট ব্যবহার করা বাধ্যতামূলক। তবে এবার এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত শর্ত মেনে নম্বরপ্লেট লাগানো ও প্রদর্শনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলের পেছনে থাকা নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও ম্যানুয়াল নম্বরপ্লেট প্রদর্শন করতে হবে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত মাপ অনুযায়ী মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নম্বরপ্লেট সংযোজন না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিএর নতুন নির্দেশনা অনুযায়ী, মোটরসাইকেলের সামনে নিজস্ব ব্যবস্থাপনায় ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। আর স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য হতে হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। তবে উভয় ধরনের নম্বরপ্লেটই স্টেইনলেস স্টিল বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে।
নম্বরপ্লেটের পটভূমি সাদা রাখতে হবে এবং এর ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। তবে ম্যানুয়াল নম্বরপ্লেটের ওপর কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা করা যাবে না।
স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নম্বর একই আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।
এস এম/ ১৬ অক্টোবর ২০২৬
