সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে পিটিয়ে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ ও দেবহাটা থানা পুলিশ এবং এসআরবি-৬-এর সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে আমিনীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) গণপিটুনির শিকার হন। প্রথম দফায় মারধরের পর পুলিশ তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে রাতে একদল লোক হাসপাতালে ঢুকে তাকে ছিনিয়ে নিয়ে আবারও মারধর করেন। গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।
এ ঘটনায় শামীমের ভাই আব্দুল জলিল সানা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এতে পারুলিয়া এলাকার ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়।
আরও পড়ুন
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারনামীয় পাঁচ ও ছয় নম্বর আসামিকে গ্রেপ্তার করে। এবার মামলার প্রধান আসামি আমিনীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় দেবহাটা থানায় ১৫ অক্টোবর একটি হত্যা মামলা করা হয়। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ইব্রাহিম খলিল/এসএইচএ
