- ১৪ অক্টোবর, ২০২৬ ০৪:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দুর্গাপুজোর আগেই রাস্তার কাজে হাত। লক্ষ্য, বারাসতের কালীপুজোর আগে শহরের রাস্তায় দৃশ্যমান বদল আনা। ১০ কোটি টাকা বরাদ্দে বারাসত শহরের ৬৫টি রাস্তার কাজ শুরু হল মঙ্গলবার। কোথাও নতুন রাস্তা তৈরি, আবার কোথাও সংস্কার হবে। প্রশাসনের পরিকল্পনা, কালীপুজোর আগেই যতটা সম্ভব কাজ শেষ করে শহরবাসীকে উন্নত রাস্তার সুবিধা দেওয়া। পুজোর পরে আরও ১০টি রাস্তার কাজ শুরু হবে। সবমিলিয়ে উন্নয়নের তালিকায় মোট ৭৫টি রাস্তা। ৩৫টি ওয়ার্ডের বারাসত পুরসভায় রাস্তার বেহাল দশা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল নাগরিকদের একাংশের। খানাখন্দে ভরা পথে যাতায়াতের দুর্ভোগ কমানোর পাশাপাশি উৎসবের মরশুমে শহরের যোগাযোগ ব্যবস্থা সচল রাখাও গুরুত্বপূর্ণ। বারাসতের কালীপুজোয় বহু মানুষের সমাগম হয়। তাই তার আগেই রাস্তার কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছে প্রশাসন। পুর ও নগরোন্নয়ন দপ্তর থেকে ১০ কোটি টাকার কাজের ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। মঙ্গলবার ৬৫টি রাস্তার কাজের উদ্বোধন করেন বিধায়ক শংকর চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন পুরসভার এগজিকিউটিভ রাজা ভৌমিক, দীপ্ত লস্কর সহ অন্যরা। শংকর বলেন, আমার লক্ষ্য রাস্তার পুরোপুরি ভোল পরিবর্তন। মানুষের প্রথম চাহিদা রাস্তা। সেই চাহিদা পূরণ করাই আমার লক্ষ্য। রাস্তার পাশাপাশি নিকাশি, পথবাতি ও জঞ্জাল সমস্যারও দ্রুত সমাধান হবে। তবে কাজ দ্রুত শেষ করার তাগিদের পাশাপাশি রাস্তার গুণগত মান বজায় রাখাও জরুরি। নাগরিকদের দাবি, নতুন রাস্তা যেন কয়েক মাসের মধ্যেই ফের ভেঙে না যায়। নিজস্ব চিত্র
