রূপপুরের জরুরি প্রস্তুতি আন্তর্জাতিক মানের করার তাগিদ বিজ্ঞান সচিবের

প্রভাত রিপোর্ট: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়, কার্যকর সাড়াদান ব্যবস্থা, প্রশিক্ষিত জনবল এবং আন্তর্জাতিক মানসম্মত নির্দেশিকা ও নথিপত্র প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অডিটোরিয়ামে ‘স্টেকহোল্ডার্স প্রিপারেটরি ওয়ার্কশপ ফর দ্য আইএইএ ইমার্জেন্সি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রিভিউ মিশন টু বাংলাদেশ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) জরুরি প্রস্তুতি ও পর্যালোচনা মিশন উপলক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান।
বিজ্ঞান সচিব বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং ও পরিচালনার পাশাপাশি নিরাপত্তা, সুরক্ষা এবং নিরাপত্তাব্যবস্থার কার্যকারিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জেনারেশন থ্রি প্লাস প্রযুক্তির আধুনিক নিরাপত্তাব্যবস্থা, স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা ও বিভিন্ন ইন্টারলক ব্যবস্থা রয়েছে। তবে শুধু প্রযুক্তিগত সুরক্ষাব্যবস্থার ওপর নির্ভর করলেই চলবে না। জরুরি পরিস্থিতি মোকাবিলায় দক্ষ জনবল, কার্যকর প্রাতিষ্ঠানিক প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
তিনি বলেন, পারমাণবিক জরুরি পরিস্থিতির আশঙ্কা অত্যন্ত কম হলেও এর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখতে হবে। এ জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা, সম্ভাব্য ঝুঁকি এবং বাংলাদেশের ভৌগোলিক ও পরিবেশগত বাস্তবতা বিবেচনায় জরুরি প্রস্তুতি ও সাড়াদান ব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।
জরুরি পরিস্থিতিতে কখন ও কীভাবে জরুরি অবস্থা ঘোষণা করা হবে, কী প্রক্রিয়ায় জাতীয় পর্যায়ে তথ্য ও নির্দেশনা পৌঁছানো হবে এবং কেন্দ্রের অভ্যন্তরীণ (অনসাইট) ও কেন্দ্রের বাইরের (অফসাইট) সাড়াদান কার্যক্রমের মধ্যে কীভাবে সমন্বয় নিশ্চিত করা হবে, সে বিষয়ে সুস্পষ্ট, ধাপভিত্তিক ও সহজবোধ্য নির্দেশিকা প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
কর্মশালায় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও কারিগরি বিশেষজ্ঞরা অংশ নেন। এ ছাড়া পাবনা ও কুষ্টিয়া জেলার স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, চিকিৎসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারাও কর্মশালায় উপস্থিত ছিলেন।
More News Of This Category

