রাজধানী ঢাকাসহ সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘প্রবারণা পূর্ণিমা’। আশ্বিনী পূর্ণিমা নামেও পরিচিত এ উৎসবের মধ্য দিয়ে শেষ হয় বৌদ্ধ ভিক্ষুদের তিন মাসব্যাপী বর্ষাবাস।
এ উপলক্ষে দেশের বিভিন্ন বৌদ্ধ বিহার, ধর্মীয় সংগঠনের কার্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বৌদ্ধ ধর্মীয় রীতি অনুযায়ী, বর্ষাবাসের তিন মাস ভিক্ষুরা বিহারে অবস্থান করে আত্মশুদ্ধি, আত্মোন্নয়ন ও আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত থাকেন। প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে এ সময়ের সমাপ্তি ঘটে। পূর্ণিমার পরদিন থেকে শুরু হয় মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব। এ উৎসবে বৌদ্ধ ভিক্ষুরা প্রাণিজগৎ ও সমগ্র মানবজাতির কল্যাণ কামনায় ধর্মীয় বাণী প্রচার করেন।
প্রচলিত জনশ্রুতি অনুযায়ী, গৌতম বুদ্ধ একবার তাঁর মাথার কিছু চুল কেটে বলেছিলেন, তিনি সত্যিই বুদ্ধত্ব লাভের যোগ্য হলে চুলগুলো মাটিতে না পড়ে আকাশের দিকে উঠে যাবে। জনশ্রুতি অনুসারে, পরে তা-ই ঘটেছিল। এ ঘটনার স্মরণে প্রবারণা পূর্ণিমার সন্ধ্যায় বৌদ্ধ ধর্মাবলম্বীরা রঙিন কাগজের তৈরি ফানুস ওড়ান, যা উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ।
দিবসটি উপলক্ষে ভোরে বিভিন্ন বিহারে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন এবং পবিত্র ত্রিপিটক পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে ভিক্ষুদের প্রাতরাশ, সমবেত প্রার্থনা, রক্তদান, সংঘদান, আলোচনা সভা, পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ এবং প্রদীপ পূজা।
রাজধানীর কমলাপুরের ধর্মরাজিক বৌদ্ধ বিহার, মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, কালাচাঁদপুর বৌদ্ধ বিহার, উত্তরা বৌদ্ধ বিহার, মিরপুরের আদিবাসী শাক্যমুনি বৌদ্ধ বিহার এবং আশুলিয়ার বোধিজ্ঞান মৈত্রী ভাবনা কেন্দ্রে প্রধান ধর্মীয় জমায়েতের আয়োজন করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দির, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার, আগ্রাবাদের শাক্যমুনি মহাশ্মশান বৌদ্ধ বিহার, দেবপাহাড়ের পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ও মোমিন রোডের সার্বজনীন বৌদ্ধ বিহারসহ দেশের বিভিন্ন বিহারে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
উৎসব উপলক্ষে দেশের শান্তি, সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় বিভিন্ন বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। পাশাপাশি উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে রাজধানীসহ বিভিন্ন জেলার বৌদ্ধ মন্দির ও বিহারের ভেতরে এবং আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।
The post সারাদেশে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে প্রবারণা পূর্ণিমা appeared first on ভোরের চেতনা.
