Published on
:
2 min read
IPL-এর রিটেনশনের দিন যত এগিয়ে আসছে ততই আলোচনায় আসছে মুম্বই ইন্ডিয়ান্স। IPL-এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি মুম্বই ইন্ডিয়ান্স যে হার্দিক পান্ডিয়া ছাড়ছেন তা প্রায় নিশ্চিত। কিন্তু কোন ফ্র্যাঞ্চাইজ়িতে তিনি যাবেন? সেটা নিয়ে চলছে আলোচনা। তালিকায় একাধিক ফ্র্যাঞ্চাইজ়ির নাম এলেও চূড়ান্ত কিছু হয়নি। এ বার এই তালিকা থেকে বাদ পড়ল রাজস্থান রয়্যালসও।
হার্দিকের বদলে যশস্বীকে নেওয়ার পরিকল্পনা
ক্রিকবাজ়ে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হার্দিককে ছেড়ে রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়ালকে দলে নেওয়ার জন্য কথা চালাচ্ছিল মুম্বই ইন্ডিয়ান্স। মূলত সোয়াপ ডিলের মাধ্যমে এটা করার চেষ্টা চালাচ্ছিল। ২০২৬ মরশুমের আগে হার্দিককে ১৬.৩৫ কোটি টাকায় ধরে রেখেছিল মুম্বই, অন্যদিকে যশস্বী ১৮ কোটি টাকায় রিটেন হয়েছিলেন রাজস্থানে। মুম্বইয়ের স্থানীয় ছেলে হিসেবে যশস্বীও হোম টিমে ফেরার ব্যাপারে ইতিবাচক ছিলেন।
তাছাড়া রাজস্থান শিবিরে দক্ষিণ আফ্রিকার তরুণ মারকুটে ওপেনার প্রিটোরিয়াস যে বিধ্বংসী ফর্মে রয়েছেন, তাতে যশস্বীকে ছেড়ে হার্দিকের মতো অলরাউন্ডারকে নিতে ভারসাম্য বাড়াতে পারে রাজস্থান। রিপোর্টে প্রকাশ, ফ্র্যাঞ্চাইজ়িস্তরে কয়েক দফা আলোচনার পরও আর্থিক সমীকরণ ও শর্তের অমিলের কারণে হার্দিক-যশস্বীর দলবদলের চুক্তি চূড়ান্ত রূপ পায়নি।
এর আগে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে (CSK) হার্দিকের যোগ দেওয়ার জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু CSK-র নতুন প্রধান কোচ হিসেবে ভারতের প্রাক্তন বাঁহাতি পেসার জ়াহির খানের দায়িত্ব নিতে সেই সম্ভাবনা শেষ হয়। অতীতে মুম্বই ইন্ডিয়ান্সে জ়াহির ডিরেক্টর অফ ক্রিকেট থাকাকালীন তাঁর সঙ্গে হার্দিকের সম্পর্কের অবনতি ঘটেছিল। সেই পুরোনো তিক্ততার জেরে আজও তাঁদের মধ্যে কথা বন্ধ। ফলে জ়াহিরের উপস্থিতিতে CSK-র ডাগআউটে হার্দিকের যাওয়ার পথ মোটামুটি বন্ধ।
এদিকে হার্দিকের অনিশ্চয়তার সুযোগে প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মাকে পুনরায় নেতৃত্বে ফেরানো যে খবর ছড়িয়েছিল, তা সরাসরি অস্বীকার করেছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। মুম্বই ম্যানেজমেন্ট জানিয়েছে, রোহিতকে আবার অধিনায়ক করার বিষয়ে কোনও আলোচনাই হয়নি। এ বার হার্দিক কোন দিকে যান সেই দিকেই নজর সকলের।
