নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের এক বিশেষ অভিযানে একটি দেশীয় তৈরি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ মিয়ারাজ গাইন (২৮) নামের এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাত ১২টা ২০ মিনিটের দিকে বেনাপোল-যশোর মহাসড়কের ভবারবেড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক মিয়ারাজ গাইন সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের সিরাজুল গাইনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মাহাবুবুর রহমানের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজন হোসেন ও কনস্টেবল আব্দুল হাইসহ পুলিশের একটি চৌকস দল ভবারবেড় এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মেসার্স বেনাপোল ফিলিং স্টেশনের সামনে একটি ইঞ্জিনচালিত ভ্যান থামিয়ে তল্লাশি চালায় পুলিশ। পরে ভ্যানটির চালকের আসনের ওপর স্থাপিত ছাউনির ভেতর কৌশলগতভাবে লুকানো সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই সাথে ভ্যানচালক মিয়ারাজকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, অস্ত্র ও গুলিসহ আটক যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
