আধুনিক যুগে বিনোদন জগতের তারকারা কেবল রুপালি পর্দার অভিনয়েই নিজেদের সীমাবদ্ধ রাখছেন না, বরং নিজস্ব উদ্যোক্তা সত্তা দিয়ে ব্যবসা ও প্রচারণায়ও রাখছেন জোরালো ভূমিকা। অভিনয়দক্ষতার পাশাপাশি সফল ব্যবসায়ী হিসেবেও নিজের অবস্থান শক্ত করে চলেছেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একাধারে সিনেমা মুক্তি এবং অন্যদিকে নানামুখী ব্যবসায়িক উদ্যোগের অভাবনীয় সাফল্যে বর্তমানে দারুণ সময় পার করছেন এই তারকা।
চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে অভিনয়ের বাইরে বিভিন্ন ব্যবসায়িক খাতেও দারুণ সাফল্য অর্জন করছেন সামান্থা রুথ প্রভু। সম্প্রতি তাঁর পারফিউম ব্র্যান্ড এবং নতুন সিনেমার অভাবনীয় সাফল্য আবারও তাঁকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে।
হিন্দুস্তান টাইমসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে মিলে সামান্থার গড়া পারফিউম ব্র্যান্ড ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ এখন ব্যবসার দিক থেকে দারুণ চমক দেখাচ্ছে। গত আট মাসের ব্যবধানে এই ব্র্যান্ডটির আয় বেড়েছে আট গুণ, যার ফলে এর মোট আয় ছাড়িয়ে গেছে ১২০ কোটি রুপি।
ব্যবসার পাশাপাশি বক্স অফিসেও সমানতালে বাজিমাত করে চলেছে তাঁর নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’। ছবিটি এরই মধ্যে ১০০ কোটি রুপির বেশি আয় করে দারুণ ব্যবসাসফল হয়েছে।
নিজের এই দ্বৈত সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সামান্থা বলেন, “সম্পূর্ণ ভিন্ন দুটি উদ্যোগকে এমন গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাতে দেখে ভীষণ ভালো লাগছে। ‘মা ইন্তি বাঙ্গারাম’ আমার হৃদয়ের খুব কাছের একটি সিনেমা। অন্যদিকে, ‘সিক্রেট অ্যালকেমিস্ট’ শূন্য থেকে একটি প্রতিষ্ঠান গড়ে তোলার এক দারুণ যাত্রা, যেখানে আমি এমন একটি দল পেয়েছি যারা এর লক্ষ্য ও ভাবনার প্রতি গভীরভাবে বিশ্বাসী। মানুষের এই ভালোবাসা, আস্থা ও সমর্থনের জন্য আমি কৃতজ্ঞ। এই সাফল্যগুলোই আমাকে নতুন সীমা অতিক্রম করতে এবং মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেওয়ার মতো কাজ করতে অনুপ্রাণিত করে।”
পারফিউম ব্র্যান্ড ছাড়াও ফ্যাশন ও লাইফস্টাইল শিল্পে সামান্থার আরও বেশ কিছু সফল উদ্যোগ রয়েছে। ২০২০ সালে উদ্যোক্তা সুশ্রুতি কৃষ্ণার সঙ্গে যৌথভাবে তিনি গড়ে তোলেন নারীদের সমসাময়িক ফ্যাশন ব্র্যান্ড ‘সাকি’। এ ছাড়াও হর্ষিতা মোতাপার্থী ও প্রবিষ্টা নাদেল্লার সঙ্গে তিনি যুক্ত আছেন অ্যাকটিভওয়্যার ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মাইল কালেক্টিভ’ এর সঙ্গে। পাশাপাশি পুষ্টিবিষয়ক সাপ্লিমেন্ট ব্র্যান্ড ‘গাটাকা’রও সহপ্রতিষ্ঠাতা হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছেন তিনি।