
সরকারি তিন বাণিজ্যিক ব্যাংক—সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সম্মতি দিয়েছে সরকার।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ-সংক্রান্ত পৃথক চিঠি জারি করা হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক-১ শাখা থেকে জারি করা চিঠিগুলোতে সংশ্লিষ্ট তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়ে সরকারের সুপারিশ ও সম্মতির কথা জানানো হয়েছে।
সোনালী ব্যাংকের বিষয়ে জারি করা চিঠিতে বলা হয়েছে, ব্যাংকটির পরিচালনা পর্ষদের সঙ্গে মো. শওকত আলী খানের সম্পাদিত চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের জন্য সরকারের সুপারিশ ও সম্মতি দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইন এবং পরিচালনা পর্ষদের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী এ বিষয়ে পরবর্তী বিধিগত কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
একইভাবে জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলের বিষয়েও সম্মতি জানিয়েছে সরকার।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা স্বাক্ষরিত চিঠিগুলো সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের চেয়ারম্যানদের কাছে পাঠানো হয়েছে।
সরকারের সম্মতির পর এখন সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে ব্যাংক কোম্পানি আইন ও নিয়োগ চুক্তির শর্ত অনুযায়ী প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
অর্থসূচক/
The post সরকারি ৩ ব্যাংকের এমডিদের সরিয়ে দিল সরকার appeared first on অর্থসূচক.
