রাতের অন্ধকারে একের পর এক তৃণমূল কর্মীর বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ। সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ। দুর্গাপুরের নতুন পল্লি ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। যারা এই ঘটনা ঘটাচ্ছে তাদের কাউকে ছাড়া হবে না বলেই হুঁশিয়ারি দিলেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল।
শুক্রবার গভীর রাতে একটি লাল রঙের চারচাকা গাড়িতে চেপে তিন যুবক এলাকায় আসে বলে অভিযোগ। এরপরই পরপর কয়েকটি বাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে তারা। গোটা ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই সামনে এসেছে ঘটনার সিসিটিভি ফুটেজ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে লাল রঙের একটি চারচাকা গাড়িতে করে তিন যুবক নতুনপল্লি এলাকায় আসে। অভিযোগ, গাড়ি থেকে নেমে গাড়ির আশপাশ থেকেই তারা একের পর এক বাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। শুধু ভাঙচুরই নয়, বাড়ির বাসিন্দাদের উদ্দেশ্যে অশ্লীল ভাষায় গালিগালাজ করারও অভিযোগ উঠেছে। আচমকা এই হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।
বাড়ির মালিক সঞ্জয় রায়ের অভিযোগ, “এই তিনজন আগে কোনও দিন বিজেপি করেনি। চার তারিখের পর বিজেপি হয়েছে। আমাদের উপর কেন রাগ, তা বুঝতে পারছি না। তৃণমূল করেছিলাম বলেই হয়তো এইভাবে হামলা চালানো হচ্ছে। শুধু ইট ছোড়া হয়নি, গালিগালাজও করা হয়েছে। আমরা পুলিশকে বিষয়টি জানিয়েছি।” জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিজেপি এই ধরনের সংস্কৃতি চায় না। যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে আমার মনে হয়, এগুলো সব তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা, সেই সময় হয়েছিল। এখন সুযোগ পেয়ে একে অপরের উপর হামলা চালাচ্ছে। কিন্তু শান্ত দুর্গাপুরকে যারা অশান্ত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।”
