প্রয়াত অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফনের দিন নির্ধারণ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) তাঁর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। যুক্তরাষ্ট্র থেকে ছেলে দেশে ফেরার পরই তাঁকে দাফন করা হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান।
সনি রহমানের তথ্য অনুযায়ী, ছেলের দেশে ফেরার অপেক্ষায় আপাতত হাসপাতালের হিমঘরে রাখা হবে নাসিমা খানের মরদেহ।
গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার লুবানা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী।
বাংলাদেশের চলচ্চিত্রের প্রাথমিক সময়ের পরিচিত মুখ ছিলেন নাসিমা খান। চলচ্চিত্র শিল্পী সমিতির আজীবন সদস্য হিসেবেও যুক্ত ছিলেন তিনি।
১৯৫৯ সালে ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন নাসিমা। পরে ১৯৬১ সালে ‘যে নদী মরু পথে’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করে পরিচিতি অর্জন করেন।
দীর্ঘ ক্যারিয়ারে বাংলা ও উর্দু ভাষার বিভিন্ন চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’।
চলচ্চিত্রে দীর্ঘদিনের অবদানের মধ্য দিয়ে দর্শকের কাছে পরিচিতি পাওয়া এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের আবহ তৈরি হয়েছে চলচ্চিত্র অঙ্গনে।
