মা ইলিশ রক্ষায় ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞা চলাকালে নিবন্ধিত জেলেদের বরাদ্দকৃত প্রায় পাঁচ টন চাল চুরির অভিযোগে চাঁদপুরে এক ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সময়ে নদী ও সাগরে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরা এবং পরিবহনের দায়ে চাঁদপুর ও লক্ষ্মীপুরে অভিযান চালিয়ে অসাধু জেলেদের গ্রেপ্তার, কারাদণ্ড এবং জাল-নৌকা জব্দ করা হয়েছে। তবে ভোলার চিত্রে মিলেছে ব্যতিক্রম— সেখানে কর্মহীন অনিবন্ধিত জেলেদের মাঝে খাদ্যসহায়তা দিয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিনিধিদের পাঠানো খবর—
চাঁদপুর : সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত ৪ হাজার ৯৭০ জন জেলের বরাদ্দ করা চাল চুরির অভিযোগে ইউপি সচিব গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান জানান, তিন সদস্যের তদন্ত কমিটির প্রতিবেদনে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে বরখাস্তের আদেশ ও বিভাগীয় মামলার সিদ্ধান্ত নেওয়া হয়। সিএসডি গোডাউন থেকে ৪ হাজার ৯৩০ কেজি চালবোঝাই একটি পিকআপ ভ্যান জব্দের পর এ জালিয়াতি উন্মোচিত হয়। অভিযুক্ত কর্মকর্তা বর্তমানে পুলিশি প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে চাঁদপুরের মতলব উত্তরের ষাটনলে মেঘনা নদীতে অভিযান পরিচালনাকালে অসাধু জেলেদের ধাওয়ায় নৌ-পুলিশের একটি স্পিডবোট ডুবে যায়। পরে বোটটি উদ্ধার করা গেলেও নদীতে তলিয়ে যাওয়া পুলিশের শটগান উদ্ধারে ডুবুরি দল কাজ করছে। গত ২৪ ঘণ্টায় নদীজুড়ে অভিযান চালিয়ে ২৮ জন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে।
লক্ষ্মীপুর : কমলনগরে ২০০ কেজি ইলিশ পরিবহনের দায়ে দুই যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মেঘনা নদী থেকে ৩টি নৌকা ও ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ভোলা : সরকারি সহায়তাবঞ্চিত ভোলার অনিবন্ধিত শতাধিক জেলে পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘ইলিশা সমাজকল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন’। গতকাল সোমবার ভোলা সদরের ইলিশা জংশন বাজারে প্রতিটি পরিবারকে চাল, আলু, তেল ও লবণের খাদ্যপ্যাক তুলে দেন সদর ইউএনও সজল কুমার দাস।
উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর পর্যন্ত রামগতির চর আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সর্বপ্রকার মাছ আহরণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ।
