প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমীর জানিয়েছেন, ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার ও কর্মসংস্থান বৃদ্ধিতে সরকারের সংস্কার কর্মসূচির সঙ্গে নীতিগত একমত হয়েছে বিশ্বব্যাংক ও আইএমএফ।
একইসঙ্গে চীন, জাপান ও যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাংলাদেশমুখী করতে বহুমুখী অর্থায়নের উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে থাইল্যান্ডে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় অংশ নিয়ে এসব কথা জানান উপদেষ্টা।
এসময় তিনি জানান, জ্বালানি খাতের অতিরিক্ত ব্যয় সামাল দেয়াসহ অর্থনৈতিক পুনর্গঠনে সরকারের রাজনৈতিক রূপরেখার সঙ্গে আন্তর্জাতিক সহযোগীদের ভাবনার মিল রয়েছে।
তিনি আরও জানান, বন্ধ কলকারখানা চালুর লক্ষ্যে বিশেষ অর্থায়নের পাশাপাশি থাইল্যান্ডের সঙ্গে কৃষি প্রক্রিয়াজাতকরণ এবং রেনং-চট্টগ্রাম সমুদ্র যোগাযোগ বাড়াতেও আলোচনা চলছে।
এছাড়া ব্যাংক খাতে শৃঙ্খলা আনা, কর-জিডিপি অনুপাত বাড়ানো, সামাজিক সুরক্ষা সম্প্রসারণ এবং বন্ধ কলকারখানা চালু করাকে সরকারের মূল অগ্রাধিকার হিসেবেও তুলে ধরেন তিনি।
