ছবি: সংগৃহীত
-->ফুটবল বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তাদের লড়াই মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আকর্ষণ। এবার সেই এল ক্লাসিকোর নস্টালজিয়া ফিরছে ভারতের কলকাতায়। আগামী ২৫ নভেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি হবে বার্সেলোনা লিজেন্ডস ও রিয়াল মাদ্রিদ লিজেন্ডস।
পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ম্যাচটির ঘোষণা দিয়েছেন। এখনো দুই দলের খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো এবং স্পেনের বিশ্বকাপজয়ী তারকা কার্লেস পুয়োল ও ইকার ক্যাসিয়াসের নাম আলোচনায় রয়েছে।
ভারতে এবারই প্রথম নয়, কিংবদন্তিদের এল ক্লাসিকো দেখতে যাচ্ছে দেশটি। গত বছর মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে ২-০ গোলে জিতেছিল রিয়াল মাদ্রিদ রিজেন্ডস। গোল করেছিলেন ফার্নান্দো মোরিয়েন্তেস ও ডেভিড বাররাল।
এর আগে চলতি বছর যুক্তরাষ্ট্রের মায়ামিতেও মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচটি শেষ হয়েছিল ১-১ গোলের সমতায়। বার্সেলোনার হয়ে মার্টিন মন্তোয়া এবং রিয়াল মাদ্রিদের হয়ে আলভারো নেগ্রেদো গোল করেছিলেন।
সল্টলেক স্টেডিয়াম নামেও পরিচিত কলকাতার এই ঐতিহ্যবাহী ভেন্যু সম্প্রতি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আয়োজন করেছে। সেখানে মুখোমুখি হয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের বিপক্ষে ভারত।
এবার একই মাঠে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তিদের লড়াই ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হওয়ার অপেক্ষা।
অনিক/
