Published on
:
2 min read
বিজয়া দশমীর দিনে শাড়ি পরা অবস্থায় শূন্যে গুলি চালানোর ঘটনায় সমাজমাধ্যমে চর্চায় রয়েছেন ছত্তিসগড়ের রাজনন্দগাঁওয়ের পুলিশ সুপার অঙ্কিতা শর্মা। দশেরা উপলক্ষে 'শস্ত্র পুজো' চলাকালীন ওই আইপিএস অফিসার একটি একে-৪৭ রাইফেল থেকে গুলি চালিয়েছিলেন। অভিযোগ, ওই দিন সঠিক ভাবে অস্ত্র ব্যবহারের নিয়ম ও সুরক্ষা বিধি মানেননি। একইসঙ্গে সমাজমাধ্যমে আসা নেতিবাচক মন্তব্যে পুলিশ বিভাগের ভাবমূর্তিতে আঘাত হানার অভিযোগে ওই পুলিশ সুপারকে শো-কজের নোটিস পাঠাল ছত্তিসগড়ের পুলিশ প্রশাসন।
রাজনন্দগাঁও রেঞ্জের আইজি অজয় যাদব জানান, পুলিশ সুপার অঙ্কিতা শর্মাকে ওই গুলি চালানোর কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। তার পরে সেই তথ্য পুলিশের সদর দপ্তরে পাঠানো হবে। অঙ্কিতার দেওয়া তথ্য বিবেচনা করে পরবর্তী নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হবে।
বুধবারের ভাইরাল হওয়া ওই ভিডিয়োতে দেখা গিয়েছে, দশেরা উপলক্ষে 'শস্ত্র পুজো' চলাকালীন ওই আইপিএস অফিসার একটি একে-৪৭ রাইফেল থেকে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালান। সবাই তাঁকে ‘লেডি সিংঘম’ বলে চেনে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরে থেকেই আলোচনা শুরু হয়। এই ঘটনায় সমাজমাধ্যমে উভয় রকমের মন্তব্য করেছেন ইউজাররা।
প্রাক্তন আইপিএস অফিসার আর কে ভিজ বলেন, ‘আনুষ্ঠানিক ভাবে অস্ত্র পুজোয় গুলি চালানোর প্রয়োজন হয় না। 'শস্ত্র পুজো'-র মাধ্যমে অস্ত্রকে পুজো করা হয়, কিন্তু গুলি চালানোর কোনও নিয়ম নেই। এ ভাবে শূন্যে গুলি করা হলে যে কোনও দুর্ঘটনা ঘটতে পারে। তাই এ ধরনের নিয়ম পালন না করাই উচিত।’
এই ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন কমান্ডার, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল কেজেএস ঢিলন ভিডিয়োটি'তে গুলি ছোড়ার বিষয়ে বেশ কয়েকটি তথ্য তুলে ধরেছেন। গুলি ভর্তি ওই রাইফেলটি ভুল ভাবে তাক করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ভিডিয়োতে পিছনে বসে থাকা মানুষদেরও আতঙ্কিত দেখাচ্ছিল বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, ‘এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কাজের ফলে নিজের বা অন্যের ক্ষতি হতে পারে।’ এই ঘটনাটিকে 'দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়' হিসেবে বর্ণনা করেছেন তিনি।
