বিসিএস পররাষ্ট্র ক্যাডারের তিন কর্মকর্তাকে গ্রেড-১ সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা বর্তমানে ব্রুনাই, নিউজিল্যান্ড ও গ্রিসে বাংলাদেশের কূটনৈতিক মিশনে দায়িত্ব পালন করছেন।
সোমবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা হলেন—ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সুপিরিয়র সিলেকশন বোর্ডের (এসএসবি) সুপারিশের ভিত্তিতে বিসিএস পররাষ্ট্রবিষয়ক ক্যাডারের এই তিন কর্মকর্তাকে গ্রেড-১ সচিব অথবা ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে পদোন্নতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
