আজকাল ওয়েবডেস্ক: দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তিগত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং ভারতকে বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়ার আসনে বসানোর সুযোগ কাজে লাগাতে, বাণিজ্য মন্ত্রক এমন সব পেশা চিহ্নিত করছে যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর প্রভাবে খুব একটা ঝুঁকিপূর্ণ নয়। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল এ কথা জানিয়েছেন।
বাণিজ্য ও শিল্পমন্ত্রী বলেন, এমন সব খাতের ওপর জোর দেওয়া হবে যেখানে এআই মানুষের বিকল্প না হয়ে বরং কর্মদক্ষতা বাড়াতে সাহায্য করবে। এক্ষেত্রে ভারতের বিশাল দক্ষ জনশক্তি, তরুণ প্রজন্ম এবং ঐতিহ্যগত সক্ষমতাকে কাজে লাগানো হবে।
শুক্রবার জার্মানিতে ভারতীয় বিজ্ঞান ও প্রযুক্তি গবেষক এবং শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতাকালে মন্ত্রী বলেন, "আমি আমার মন্ত্রককে এমন সব পেশা চিহ্নিত করার কাজ শুরু করতে বলেছি, যা এআই-এর প্রভাবে ঝুঁকিমুক্ত। সর্বোপরি, একটি জাতি হিসেবে আমাদের কোটি কোটি মানুষের ভবিষ্যতের পরিকল্পনা করতে হবে। এমন কোন কোন খাত রয়েছে যেখানে এআই মানুষের বিকল্প না হয়ে বরং কর্মদক্ষতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে। আমরা সেটাই খুঁজছি।"
যে খাতগুলোতে এআই সহজে প্রভাব ফেলতে পারবে না—
হস্তশিল্প
তাঁতশিল্প
পাকশিল্প বা রন্ধনশিল্প
পর্যটন
অর্থনৈতিক লক্ষ্য: ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের (২৮ হাজার ৪৮৩.৬৫ হাজার কোটি টাকা)) অর্থনীতিতে পরিণত করার রূপরেখায় প্রযুক্তি ও মানবসম্পদের সঠিক ভারসাম্যের ওপর জোর দিয়েছেন বাণিজ্য মন্ত্রী।
