শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করছে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুড়িগ্রাম সদর, ভূরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে সার্বিক নিরাপত্তা জোরদারের বিষয়ে মতবিনিময় করেন।
এদিকে, জেলার সীমান্তবর্তী এলাকাগুলোর পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এসব এলাকায় নিয়মিত টহল বাড়ানোর পাশাপাশি বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে বিজিবি কাজ করে যাচ্ছে।
জেএইচআর
