পোষ্য প্রাণীর আধুনিক চিকিৎসা, উন্নত রোগ নির্ণয়, জটিল অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার সুবিধা নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে চট্টগ্রাম স্পেশালাইজড ভেটেরিনারি কেয়ার (সিএসভিসি)। উদ্যোক্তাদের দাবি, এটি চট্টগ্রামের প্রথম বিশেষায়িত পশু হাসপাতাল। ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে নগরীর দক্ষিণ খুলশী এলাকায় হাসপাতালটি প্রতিষ্ঠা করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এয়াকুব গ্রুপের চেয়ারম্যান এম এয়াকুব আলী, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর এবং ইনফ্লুয়েন্সার পাপড়ি সিকদার।
বিজ্ঞাপন
হাসপাতালটিতে ২৪ ঘণ্টা জরুরি পশুচিকিৎসা, উন্নত রোগ নির্ণয়, বিশেষায়িত অস্ত্রোপচার, নিবিড় পরিচর্যা এবং অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পোষ্য প্রাণীর রোগ প্রতিরোধ, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে নগরজীবনে কুকুর, বিড়ালসহ বিভিন্ন পোষ্য প্রাণী অনেক পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তবে এসব প্রাণীর জটিল রোগ, দুর্ঘটনা কিংবা রাতে জরুরি চিকিৎসার প্রয়োজন হলে উপযুক্ত সেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে পোষ্য প্রাণীর জন্য আধুনিক ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সিএসভিসি প্রতিষ্ঠা করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
এয়াকুব গ্রুপের কো-চেয়ারম্যান নাহিদ ফারহানার উদ্যোগে একদল পশুচিকিৎসক ও পেশাজীবীর সমন্বয়ে গড়ে উঠেছে হাসপাতালটি। উদ্যোক্তা ও সংশ্লিষ্ট চিকিৎসকদের সবাই চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভিএএসইউ) সাবেক শিক্ষার্থী। তাদের অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার সমন্বয়ে পোষ্য প্রাণীর চিকিৎসাসেবার মান উন্নয়নে কাজ করার লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধনী অনুষ্ঠানে এম এয়াকুব আলী বলেন, মানুষের মতো প্রাণীদেরও অসুস্থতা ও দুর্ঘটনার সময় যথাযথ চিকিৎসা প্রয়োজন। পোষ্য প্রাণীর জন্য আধুনিক, মানসম্মত ও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, আমরা চাই, চট্টগ্রামের মানুষ যেন তাদের প্রিয় পোষ্যকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র নিয়ে যেতে বাধ্য না হন। সিএসভিসির মাধ্যমে এ অঞ্চলে পশুচিকিৎসাসেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা আশাবাদী।
বিজ্ঞাপন
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বিবেক চন্দ্র সূত্রধর বলেন, পশুচিকিৎসার ক্ষেত্রে আধুনিক রোগ নির্ণয়, দক্ষ চিকিৎসক, উন্নত চিকিৎসা সরঞ্জাম ও নিবিড় পরিচর্যার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার মাধ্যমে এসব সেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হয়।
তিনি আরও বলেন, প্রাণীর প্রতি মানবিক আচরণ, বৈজ্ঞানিক চিকিৎসাপদ্ধতি ও পেশাগত নৈতিকতা নিশ্চিত করাও জরুরি। এ ধরনের উদ্যোগ চট্টগ্রামে পোষ্য প্রাণীর চিকিৎসাসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান নাহিদ ফারহানা বলেন, পোষ্য প্রাণীর চিকিৎসায় জরুরি মুহূর্তে দ্রুত সেবা পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই প্রয়োজন বিবেচনায় নিয়ে সিএসভিসি প্রতিষ্ঠা করা হয়েছে। ২৪ ঘণ্টা জরুরি সেবা, উন্নত রোগ নির্ণয়, বিশেষায়িত অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যার মাধ্যমে পোষ্য প্রাণীর জন্য নির্ভরযোগ্য চিকিৎসাব্যবস্থা গড়ে তুলতে চান তারা।
তিনি বলেন, তাদের লক্ষ্য শুধু চিকিৎসা দেওয়া নয়, বরং প্রাণীর সুস্থতা নিশ্চিত করা এবং পোষ্য প্রাণীর মালিকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া।
হাসপাতালটির পরিচালক ডা. পার্থ সামন্ত বলেন, পোষ্য প্রাণীর অনেক অসুস্থতা ও দুর্ঘটনার ক্ষেত্রে দ্রুত রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিএসভিসিতে জরুরি চিকিৎসা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, অস্ত্রোপচার ও অস্ত্রোপচার-পরবর্তী পরিচর্যার সমন্বিত ব্যবস্থা রাখার লক্ষ্য রয়েছে। পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পোষ্য প্রাণীর মালিকদের সচেতনতা বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. শুভ কান্তি দাশ, ডা. মো. আসলাম হোসেন, ডা. উম্মে খায়ের ফাতেমা সাদী, ডা. ফারজানা আক্তার, ডা. কাজী আসমা আকতার, ডা. অন্দ্রীলা আক্তার, ডা. মুহাম্মদ সায়েম আব্দুল্লাহ, ডা. আরফানুল সাইফ, ডা. মো. শাহাদাত হোসেন, ডা. নাজিফা তাবাসসুম আরশী, ডা. মো. নাঈম উদ্দিন নিপু, ডা. বৃষ্টি ধর নন্দিতা ও প্রকৌশলী ময়ূখ দে।
এ ছাড়া চট্টগ্রাম জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং পোষ্য প্রাণীর মালিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমআরএএইচ/এমএমকে
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
