সজীব ইসলাম, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে নাগেশ্বরী থানা কেন্দ্রীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান। গত ১৬ অক্টোবর তিনি মণ্ডপটিতে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে ওসি এনামুল হক প্রধান পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। সনাতন ধর্মাবলম্বীরা যেন কোনো প্রকার শঙ্কা ছাড়া আনন্দমুখর, নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে নেওয়া পুলিশি নিরাপত্তা বলয় পর্যালোচনা করেন তিনি।
এ সময় মণ্ডপের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, উৎসবের দিনগুলোতে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা যাবে না। প্রতিটি সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সজাগ দৃষ্টি ও দায়িত্বশীলতার সঙ্গে নিজের অর্পিত দায়িত্ব পালন করতে হবে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গোয়েন্দা নজরদারি ও সার্বক্ষণিক টহল জোরদার রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
পরিদর্শন শেষে ওসি এনাবুল হক প্রধান আরও উল্লেখ করেন, “ধর্মীয় সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে উৎসব উদযাপন নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশ সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো প্রয়োজনে পুলিশ প্রটোকল ও সহায়তা বজায় থাকবে।”
এ সময় নাগেশ্বরী থানার অন্যান্য কর্মকর্তা, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ জাতীয় আরো খবর..
