মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষ্যে রাজবাড়ীর পদ্মা নদীতে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়।
রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত ২টা থেকে সোমবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত পদ্মা নদীর মজলিশপুর ও কলাবাগান এলাকার তিনটি পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।
দৌলতদিয়া নৌপুলিশ সূত্রে জানা যায়, অভিযানে মোট পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। এ সময় উদ্ধার করা ১০ কেজি ইলিশ মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।
আটক সাতজনের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে তিনটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে নৌপুলিশ।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় অভিযানে সাতজনকে আটকসহ পাঁচ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে তিনটি নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।
