যশোরের চৌগাছায় হামে আক্রান্ত হয়ে পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম সবুজ (৪৮) মারা গেছেন। তিনি চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে যশোর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওবায়দুল ইসলাম সবুজ পাশাপোল গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ওবায়দুল ইসলাম সবুজের পরিবার সূত্রে জানা গেছে, গত ৯ অক্টোবর তিনি জ্বরে আক্রান্ত হন। প্রথম দুই দিন প্রাথমিক চিকিৎসা নেন। ১১ অক্টোবর ইউনিয়ন পরিষদের মিটিংয়ে অসুস্থতার কথা বলে সবার কাছ থেকে বিদায় নেন। পরে যশোরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন এবং ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে তিনি হামে আক্রান্ত বলে নিশ্চিত হন। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। শনিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন। তবে তিনি আগে থেকেই হাঁপানি ও শ্বাসকষ্টে ভুগছিলেন বলে জানিয়েছেন স্বজনেরা।
তার ঘনিষ্ঠ বন্ধু হুমায়ন কবির সোহেল বলেন, সবুজ শুধু আমার বন্ধুই ছিল না, সে আমার রাজনৈতিক সহকর্মীও ছিল। দলমত নির্বিশেষে সবুজকে সবাই ভালোবাসতো। তার অকাল মৃত্যুতে চৌগাছা উপজেলাজুড়ে শোক বইছে।
যশোরের ইবনে সিনা হাসপাতালের কর্মকর্তা নাজিম উদ্দীন বলেন, সবুজ চেয়ারম্যান হামে আক্রান্ত ছিলেন। শনিবার সকালে তিনি মারা গেছেন।
ওবায়দুল ইসলাম সবুজ ২০১৬ সালের উপনির্বাচনে এবং ২০২১ সালে নৌকা প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চৌগাছা উপজেলার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় রাজনৈতিক সহকর্মী ও পাশাপোল ইউনিয়নজুড়ে শোকের ছায়া নেসে এসেছে।
রেজওয়ান বাপ্পী/এমএন
