ওয়াশিংটন, ১৮ অক্টোবর-এইচ-১বি ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করতে যাওয়া কর্মীদের ‘বিদেশি চুক্তিভিত্তিক দাস’ বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পরে নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন তিনি। ভ্যান্স স্বীকার করেছেন, বক্তব্যের ভাষা হয়তো যথাযথ ছিল না। তবে যুক্তরাষ্ট্রে যোগ্য কর্মী থাকা সত্ত্বেও বিদেশি কর্মী নিয়োগ করে স্থানীয় কর্মীদের চাকরিচ্যুত করা উচিত নয় বলে নিজের অবস্থানে অনড় রয়েছেন তিনি। এ প্রসঙ্গে নিজের ভারতীয় শ্বশুর-শাশুড়ির প্রতি ভালোবাসার কথাও তুলে ধরেছেন ভ্যান্স।
আগের মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেডি ভ্যান্স বলেন, আপনারা জানেন, আমার পরিবার কোথা থেকে এসেছে। আমি আমার শ্বশুর ও শাশুড়িকে খুব ভালোবাসি। তারা দক্ষিণ ভারত থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে এসেছিলেন। তাদের মেয়ে যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেছেন এবং তিনি এখন দেশটির সেকেন্ড লেডি। আমি তাকে নিয়ে অত্যন্ত গর্বিত এবং তাকে খুব ভালোবাসি।
জেডি ভ্যান্স জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় এমন ভারসাম্য থাকা প্রয়োজন, যাতে বিদেশি কর্মীদের প্রতি সম্মান দেখানোর পাশাপাশি দেশের কর্মীদের চাকরিও ঝুঁকির মুখে না পড়ে। তার যুক্তি, যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানে যদি উপযুক্ত মার্কিন কর্মী পাওয়া যায়, তাহলে তাদের বাদ দিয়ে বিদেশি কর্মী নিয়োগ করা কোনোভাবেই সঠিক নয়।
এ বিষয়ে একটি উদাহরণ দিয়ে তিনি বলেন, যারা যুক্তরাষ্ট্রে অবদান রাখতে চান, তাদের প্রতি আমাদের সম্মান দেখানো এবং স্বাগত জানানো উচিত। তবে একই সঙ্গে এটাও বুঝতে হবে, কোনো এক ট্রিলিয়ন ডলারের বড় কোম্পানি যদি বলে যে বর্তমান শ্রমবাজার থেকে তারা কোনো হিসাবরক্ষক খুঁজে পাচ্ছে না, এরপর অন্য দেশ থেকে কর্মী এনে বেতনভুক্ত বর্তমান হিসাবরক্ষককে চাকরিচ্যুত করে, তাহলে তা কোনোভাবেই ন্যায়সংগত হতে পারে না।
ভ্যান্সের মতে, এ ধরনের চর্চার কারণে মার্কিন কর্মীরা চাকরির সুযোগ থেকে বঞ্চিত হন। একই সঙ্গে বিদেশি কর্মীরাও এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েন।
প্রসঙ্গত, এইচ-১বি ভিসা হলো দক্ষ বিদেশি পেশাজীবীদের যুক্তরাষ্ট্রে অস্থায়ীভাবে কাজ করার অনুমতি। এই ভিসার মাধ্যমে মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি, প্রকৌশল, বিজ্ঞান, চিকিৎসাসহ বিভিন্ন বিশেষায়িত ক্ষেত্রে বিদেশি কর্মী নিয়োগ দিতে পারে। সাধারণত নিয়োগকর্তাকে কর্মীর পক্ষে আবেদন করতে হয় এবং নির্দিষ্ট যোগ্যতা ও শ্রমবিধি পূরণ করতে হয়।
ভারতীয় প্রযুক্তিবিদদের মধ্যে এই ভিসা বেশ জনপ্রিয়। তবে বিদেশি কর্মী নিয়োগের কারণে মার্কিন নাগরিকদের চাকরির সুযোগ ও বেতনের ওপর প্রভাব পড়তে পারে—এমন উদ্বেগ থেকে বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও বিদেশি কর্মী নিয়োগের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কর্মীদের স্বার্থ রক্ষার ওপর জোর দিয়েছেন।
এস এম/ ১৮ অক্টোবর ২০২৬
