মা ইলিশ সংরক্ষণে দেশের দক্ষিণাঞ্চলে নিয়মিত অভিযানসহ বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন। রবিবার (১৮ অক্টোবর ২০২৬) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বাংলাদেশ কোস্ট গার্ড দেশের সুবিশাল সমুদ্র, উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে অত্যন্ত গুরুত্বের সাথে দায়িত্ব পালন করে আসছে। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ’ সংরক্ষণ ও এর নিরাপদ প্রজনন নিশ্চিতকল্পে গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এই নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে কোস্ট গার্ড দক্ষিণ জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল, বিশেষ অভিযান ও কঠোর নজরদারি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
‘মা ইলিশ সংরক্ষণ-২০২৬’ সফলভাবে বাস্তবায়ন এবং সরকারি নিষেধাজ্ঞা কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রেখেছে কোস্ট গার্ড। একই সাথে সাধারণ জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সকলকে সরকারি আইন মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। এছাড়া জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, “আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য।” তাই দলমত নির্বিশেষে সকলকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার এবং মা ইলিশ রক্ষার মাধ্যমে দেশের সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা লঙ্ঘন কিংবা যেকোনো ধরনের অনিয়মের তথ্য পেলে তা দ্রুত জানানোর জন্য কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করার অনুরোধ জানানো হয়েছে।
আজকালের খবর/কাওছার আল হাবীব
