প্রশাসন ও নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাসে ছয় দিন পর বান্দরবান-থানচি সড়কে আবারও বাস চলাচল শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে স্টেশন থেকে দুটি যাত্রীবাহী বাস যাত্রীদের নিয়ে থানচির দিকে ছেড়ে গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিপুল অঙ্কের চাঁদা দাবির অভিযোগ এনে বান্দরবান -থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিক সমিতি।
বাস মালিক সমিতি জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার আশ্বাস দেওয়ায় পরিবহন শ্রমিকরা বাস চালাতে সম্মত হয়েছেন। গতকাল মঙ্গলবার স্থানীয় প্রশাসন ও নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বান্দরবান-থানচি-রুমা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আলম জানান, নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের আশ্বাস এবং পর্যটকদের স্বার্থ বিবেচনায় কিছুটা ঝুঁকি নিয়েই তারা থানচি সড়কে বাস চালাতে রাজি হয়েছেন।
এ বিষয়ে বান্দরবান জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, জনভোগান্তির কথা চিন্তা করে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ প্রশাসনের সার্বিক নিরাপত্তার মাধ্যমে বান্দরবান থানচি সড়কে বাস চলাচল শুরু হয়েছে।
আরএআর
