স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী লক্ষ্মণশ্রী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে বাড়ছে আলোচনা ও কৌতূহল। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আব্দুল ওহাব, মুফতি আব্দুল মালিক ত্বহা ও ইয়াকুব বখত বহলুলসহ কয়েকজনের নাম আলোচনায় থাকলেও নতুন করে আলোচনায় উঠে এসেছেন জানীগাঁও গ্রামের কৃতী সন্তান, সমাজসেবক ও শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী সাদিকুর রহমান সুফিয়ান। প্রবাসজীবন ছেড়ে জন্মভূমিতে ফিরে জনসেবায় আত্মনিয়োগ করে তিনি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না এ প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খেটে খাওয়া, হত দরিদ্র ও সাধারন জনগনের কল্যাণে কাজ করতে চাই। জানীগাঁওসহ লক্ষ্মণশ্রী ইউনিয়নের বিভিন্ন এলাকার মুরুব্বি, সুশীল সমাজের প্রতিনিধি ও তরুণ প্রজন্মের অনেকের সাথে প্রচার ও যোগাযোগ রয়েছে। এলাকাবাসীর আন্তরিক আহ্বান ও ভালোবাসার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সাদিকুর রহমান সুফিয়ান আরো বলেন, “আমার প্রিয় জন্মভূমি জানীগাঁও তথা লক্ষ্মণশ্রী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা, আস্থা ও দেশে ফিরে জনসেবায় আত্মনিয়োগের আহ্বানে আমি অভিভূত ও কৃতজ্ঞ। প্রবাসে থাকলেও জন্মভূমির প্রতি আমার নাড়ির টান কখনো বিচ্ছিন্ন হয়নি। মানুষের এই আন্তরিকতা আমার কাছে অমূল্য সম্পদ। তাঁদের প্রত্যাশা ও অনুভূতির প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে।” নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে তিনি আরও বলেন, “আমি যুক্তরাষ্ট্রে থেকেই বর্তমান পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ ও মানুষের প্রত্যাশা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। নির্বাচনে অংশগ্রহণ শুধু আবেগের বিষয় নয়; এর সঙ্গে বাস্তবতা, দায়িত্ববোধ ও বৃহত্তর জনস্বার্থ জড়িত। তাই তফসিল ঘোষণার ঠিক আগমুহূর্তে সার্বিক পরিস্থিতি ও নির্বাচনী সমীকরণ বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাব। রাজনীতিতে শেষ মুহূর্তেও নানা পরিবর্তন আসতে পারে। তাই সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার অনুরোধ জানাচ্ছি।” স্থানীয় মহলে আলোচনা চলছে, সাদিকুর রহমান সুফিয়ান শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিলে লক্ষ্মণশ্রীর নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ হতে পারে। তবে তাঁর প্রার্থিতা এখনো চূড়ান্ত নয়। জন্মভূমির টানে কি প্রবাসজীবন ছেড়ে ফিরবেন সুফিয়ান, নাকি বাস্তবতা বিবেচনায় নেবেন ভিন্ন কোনো সিদ্ধান্ত? সেই উত্তর জানতে অপেক্ষায় রয়েছেন আগ্রহী এলাকাবাসী।
নিউজটি শেয়ার করুনঃ
