চিনি দিয়ে ডিমের ভুজিয়া খেয়েছেন কখনও? বেশ ভালরকম চিনি দিয়ে মিষ্টি মিষ্টি ডিম ভুজিয়া খেতে আপনার ভাল না লাগলেও, বিজয় সালগাঁওকরের কিন্তু সে খাবার বড় পছন্দের। ‘দৃশ্যম ৩’-এর নায়কের যেমন খাবারদাবার পছন্দ, তা চমকে দেওয়ার মতোই। পর্দার বিজয় সালগাঁওকর ওরফে অজয় দেবগন খাদ্যরসিক। নিজেই স্বীকার করেছেন সে কথা। যদিও নিয়মানুবর্তিতার কারণে সব খাবার খেতে পারেন না। তবুও এমন কিছু বিচিত্র পছন্দ আছে তাঁর, যা বাকি অভিনেতাদের থেকে অনেকটাই আলাদা।
এক রন্ধনশিল্পীর সঙ্গে কথোপকথনের সময়ে অজয় জানিয়েছেন, ছোটবেলায় যে সব খাবার তিনি খেতেন, তার স্বাদ আজও বড় প্রিয় তাঁর কাছে। যেমন গ্লুকোজ় বিস্কুট খেতে পছন্দ করেন। শুধু বিস্কুট নয়, একটি বিস্কুটের উপর পুরু করে মাখনের প্রলেপ দিয়ে তার উপর আর একটি বিস্কুটি চাপিয়ে স্যান্ডউইচ বানিয়ে খেতে পছন্দ করেন। গ্লুকোজ় বিস্কুটের এমন স্যান্ডউইচ এখনও সময় ও সুযোগ পেলেই খেয়ে ফেলেন।
বিস্কুটের সঙ্গে অবশ্য আরও একটি জিনিস তাঁর পাতে থাকে। সেটি হল নুন-মশলা ছাড়া চিনি দেওয়া ডিমের ভুজিয়া। সাধারণত পেঁয়াজ, কাঁচালঙ্কা, টম্যাটো আর নানা মশলা সহযোগেই সুস্বাদু ডিমের ভুজিয়া বানানো হয়। কিন্তু অজয় দেবগনের তা পছন্দ নয়। অভিনেতা জানান, ছোটবেলায় তাঁর দাদু বানিয়ে দিতেন ডিমের এক বিশেষ ধরনের ভুজিয়া। কড়ায় সামান্য দেশি ঘি দিয়ে ডিম ফেটানো হত। কিন্তু তাতে নুন, লঙ্কা বা মশলা দেওয়া হত না। কেবল দেওয়া হত ২ চামচ চিনি। দেশি ঘি ও চিনি দিয়ে ভাজা ডিমের স্বাদ অতুলনীয় লাগত অজয়ের। এখনও সুযোগ হলেই তেমন ডিমের ভুজিয়াই খান তিনি।
তারকাসুলভ ডায়েট মাঝেমধ্যে করতে হলেও প্রোটিন ডায়েট বা কিটো ডায়েটের ধার ধারেন না অজয়। পছন্দ মটন। বাড়িতে তৈরি রসিয়ে নানা রান্নাও পছন্দ করেন। হোটেল-রেস্তরাঁর খাবার তাঁর তেমন পছন্দের নয়। আর পছন্দ ছোটবেলার সেই সব খাবার যা তাঁর স্মৃতিজুড়ে রয়েছে। অভিনেতার কথায়, এমন খাবার খেয়েই তৃপ্তি পান তিনি। আর তা খেলে শরীরও ভাল থাকে তাঁর।
