নরসিংদীর রায়পুরায় নিখোঁজের পাঁচ দিন পর তারেক (১২) নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বেলুয়ারচর চরে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।
নিহত তারেক বেলুয়ারচর গ্রামের মালয়েশিয়াপ্রবাসী জিয়াউর রহমানের ছেলে। সে স্থানীয় বেলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
তারেকের মামা দেলোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় সাইকেল নিয়ে বাড়ি থেকে ঘুরতে বের হয় তারেক। রাত হলেও বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কোথাও তার সন্ধান না পেয়ে পরদিন শুক্রবার রায়পুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা।
নিখোঁজের পাঁচ দিন পর সোমবার দুপুরে বেলুয়ারচর চরে তারেকের অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে রায়পুরা থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/
