শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছয় দিন এবং ২৩ অক্টোবর সাপ্তাহিক ছুটিসহ মোট সাত দিন সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে; তবে এ সময়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরের বাণিজ্যিক কার্যক্রম যথারীতি শুরু হবে। তবে এ সময়ে দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভারতের ঘোজাডাঙ্গা সি অ্যান্ড এফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে চিঠির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু মুসা জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ভারতের ঘোজাডাঙ্গা সি অ্যান্ড এফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ চিঠির মাধ্যমে জানিয়েছেন। পরদিন ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় ২৪ অক্টোবর শনিবার থেকে বন্দরের কার্যক্রম আবার শুরু হবে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক সজিব বালা জানান, দুর্গাপূজা উপলক্ষে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান জানান, দুই দেশের ব্যবসায়ীদের সমন্বিত সিদ্ধান্তে ১৭ থেকে ২২ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া ২৩ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় মোট সাত দিন বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
