Published on
:
2 min read
এফসি গোয়া থেকে মুম্বই সিটি এফসির দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচেই ধাক্কা খেলেন মানোলো মার্কেজ়। ISL-এ প্রথম ম্যাচে চার্চিল ব্রাদার্সের কাছে ১-২ গোলে হেরে গেল মুম্বই সিটি এফসি। আর দল হারতেই মেজাজ হারালেন মার্কেজ়। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ক্লাবের ম্যানেজমেন্টকে তুলোধনা করলেন তিনি। পুরো বিষয়টাকে ‘হাস্যকর’ বলে দাগিয়ে দেন তিনি।
সফল কোচ শুরুতেই ব্যর্থ
এই গ্রীষ্মেই এফসি গোয়া ছেড়ে মুম্বইয়ের কোচের দায়িত্ব নেন মার্কেজ়। ভারতীয় ফুটবলে অন্যতম সফল কোচ তিনি। দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলে কাজ করার সুবাদে তিনি এ দেশের পরিকাঠামো, ক্লাবগুলোর অবস্থার সম্পর্কে ওয়াকিবহাল।
রবিবারের ম্যাচে ৫৭তম মিনিটে ডিফেন্ডার গৌরব ভোরার দুরন্ত হেডার এবং ৮৬তম মিনিটে সেবাস্টিয়ান গুতিয়েরেসের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় গোয়ার ‘রেড মেশিনস’। অতিরিক্ত সময়ে সের্খিও লামাস একটি গোল করে ব্যবধান কমালেও মুম্বইয়ের হার বাঁচাতে পারেননি। যে ফতোরদার মাঠ অতীতে এফসি গোয়ার হেডস্যার হিসেবে মানোলোর হাতের তালুর মতো চেনা ছিল, সেখানেই মুম্বইয়ের দায়িত্বে প্রথম ম্যাচে এমন তিক্ত অভিজ্ঞতা হজম করতে পারেননি তিনি।
দুর্বল দলের বিরুদ্ধে ম্যাচ
ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলের ক্যামেরার সামনে এসেই বিস্ফোরণ ঘটান প্রাক্তন ভারতীয় জাতীয় দলের এই কোচ। তিনি বলেন, ‘আমাদের প্রি-সিজনটা ছিল স্রেফ একটা মস্করা। ক্লাব আমাদের জন্য একটাও শক্তিশালী দলের বিরুদ্ধে ম্যাচ আয়োজন করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমরা মরশুমের আগে যে ক’টা প্রস্তুতি ম্যাচ খেলেছি, তার প্রতিটাই ছিল দুর্বল। আজকেই প্রথম কোনও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠে নামল দল, আর দুর্ভাগ্যবশত আমরা হেরে গেলাম।’
সিটি ফুটবল গ্রুপের (CFG) সঙ্গে গাঁটছড়া ভাঙার পর চলতি মরশুমেই নতুন ম্যানেজমেন্টে কাজ করছে মুম্বই সিটি এফসি। দলের হাল ফেরাতে তারা দায়িত্ব দিয়েছিল মানোলোর মতো পোড়খাওয়া কোচের হাতে—যিনি ২০২২ সালে হায়দরাবাদ এফসি-কে আইএসএল কাপ জিতিয়েছিলেন এবং ২০২৫ সালে এফসি গোয়াকে এনে দিয়েছিলেন সুপার কাপের খেতাব। কিন্তু দল পরিচালন সমিতির অপেশাদার ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন ও ম্যাচে ফিটনেসের ঘাটতি যে মাঠের পারফরম্যান্সে সরাসরি প্রভাব ফেলেছে, হারের পর তা স্পষ্ট করে দিলেন তিনি।
আইল্যান্ডার্সদের ঘুরে দাঁড়ানোর জন্য হাতে খুব বেশি সময় নেই। প্রথম রাউন্ডের এই ধাক্কা পেছনে ফেলে নিজেদের গুছিয়ে নিতে আগামী ১৯ অক্টোবর নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে মাঠে নামবে মুম্বই সিটি।
