চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে দেখে কুশল বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
রংপুর ও রাজশাহী সফর শেষে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে চট্টগ্রামে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাঁকে অভ্যর্থনা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য এবং বিভিন্ন সরকারি সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা।
বিমান থেকে নেমে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে করমর্দন করেন তারেক রহমান। এ সময় শাহজাহান চৌধুরী তাঁকে স্বাগত জানান।
পরে চট্টগ্রামের এসপি মাসুদ আলমের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ জবাবে মাসুদ আলম ‘স্যার, স্যার’ বলে সাড়া দেন।
মাসুদ আলম এর আগে সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। সে সময় রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় আন্দোলন ও সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাঁর তাৎক্ষণিক পদক্ষেপ ও সরাসরি উপস্থিতি আলোচনায় আসে। ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের এই কর্মকর্তা ২০২৬ সালের মে মাসে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নেন।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী নগরের জে এম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যান।
বিআলো/শিলি