কালবেলা · আন্তর্জাতিক
বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে ড্রোন হামলায় জাহাজডুবি
১৩/১০/২০২৬

বুলগেরিয়ার কৃষ্ণসাগর উপকূলে ড্রোন হামলায় দুটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি জাহাজ ডুবে গেছে। এক সপ্তাহের মধ্যে এ ধরনের দ্বিতীয় ঘটনার কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী রুমেন রাদেভ। খবর রয়টার্সের।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাদেভ জানান, মাল্টার পতাকাবাহী ইউক্রেনের মালিকানাধীন ‘চেলসি-৩’ জাহাজটিতে ৩টি ড্রোন আঘাত হানে। এতে জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার রাত দেড়টার দিকে বুলগেরিয়ার উপকূল থেকে প্রায় ১৮ নটিক্যাল মাইল বা ৩৩ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
জাহাজটিতে থাকা সাতজন ইউক্রেনীয় ও আটজন আজারবাইজানি নাবিককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে কেউ গুরুতর আহত হননি। ডুবে যাওয়া অপর জাহাজটির একজন নাবিককেও উদ্ধার করা হয়েছে বলে জানান রাদেভ।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘বুলগেরিয়ার জলসীমার একেবারে কাছাকাছি আরেকটি হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
তিনি আরও জানান, এ ঘটনা নিয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে তার আলোচনা করার কথা রয়েছে।
হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে স্পষ্ট প্রমাণ নেই বলে উল্লেখ করেন রাদেভ। তবে তার দাবি, ‘এই ঘটনার ফল রুশ ফেডারেশনের স্বার্থে যাচ্ছে।’ এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হবে বলেও জানান তিনি।
বুলগেরিয়ার সঙ্গে ইউক্রেন বা রাশিয়ার সরাসরি সীমান্ত নেই। তবে ন্যাটোর সদস্য দেশ হিসেবে কৃষ্ণসাগরে দেশটির কৌশলগত গুরুত্ব রয়েছে। এই সাগরে রাশিয়া ও ইউক্রেন দুই দেশেরই গুরুত্বপূর্ণ বন্দর আছে।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ চলার মধ্যে ড্রোন ব্যবহার করে সম্ভাব্য হাইব্রিড হামলা নিয়ে উদ্বেগ বাড়ছে। তবে সর্বশেষ হামলার জন্য কারা দায়ী, তা এখনো নিশ্চিত হয়নি।
সূত্র : রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗