চট্টগ্রামের বাঁশখালীতে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) এর ভুয়া পরিচয় দিয়ে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তুলে নেওয়ার চার দিন পর মোহাম্মদ এহসান প্রকাশ হাসান (৩৫) নামের এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬ অপহরণকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী লেদা ক্যাম্প এলাকা থেকে তাঁকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যবসায়ী এহসান বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারের ব্যবসায়ী এবং একই এলাকার তেলিয়াকাটা গ্রামের হাজী নুরুল কবিরের মেজো ছেলে। তিনি দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ব্যবসা করার পর দেশে ফিরে স্থানীয়ভাবে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ অক্টোবর) রাত ৮টা ২৫ মিনিটে পুঁইছড়ি বাজারের মেসার্স আবদুল্লাহ এন্টারপ্রাইজ নামের ব্যবসাপ্রতিষ্ঠানে এসআরবি পরিচয়ে চারজন লোক প্রবেশ করে। এ সময় তারা মুখে মাস্ক ও মাথায় টুপি পরিহিত অবস্থায় ব্যবসায়ী এহসানকে হাতকড়া পরিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এরপর তাঁকে পেকুয়ার টৈটং ও চকরিয়া হয়ে একটি সাদা মাইক্রোবাসে করে বিভিন্ন স্থানে ঘুরিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয় এবং পরবর্তীতে বিভিন্ন বিদেশি নম্বর থেকে তাঁর পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী পুলিশ সুপার (আনোয়ার সার্কেল) মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিমের যৌথ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় টেকনাফের লেদা ক্যাম্প এলাকা থেকে ওই ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত ৬ অপহরণকারীকে আটকের পাশাপাশি তাদের ব্যবহৃত ভুয়া এসআরবি পোশাক ও আইডি কার্ড জব্দ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মুক্তিপণ আদায়ই ছিল এই চক্রের মূল উদ্দেশ্য এবং এই চক্রের সাথে স্থানীয় দুর্বৃত্তসহ রোহিঙ্গা অপরাধীরাও জড়িত রয়েছে।
