বর্তমান বাংলাদেশের শিশু শিল্পীদের মধ্যে দুপুর মনি অন্যতম। দুপুর মনির সাথে বিশেষ আলাপনে হৃদয় আহসান আতিক...
* দুপুর মনি, কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে?
* আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এবং দিনকাল স্বাভাবিক ভাবেই যাচ্ছে।
* পড়াশোনা কোথায় করছেন? কীসে পড়ছেন?
* আমি মিরপুরের বশিরউদ্দিন আদর্শ স্কুল এন্ড কলেজে পড়াশুনা করছি। সেখানে আমি ক্লাস সেভেন-এর একজন ছাত্রী।
* অভিনয় বা মিডিয়া জগতে আসার কারণ?
* অভিনয় বা মিডিয়াতে আসার মুল কারণ বলতে প্রবল ইচ্ছাকেই প্রাধান্য দিতে হয়। বিষয়টাকে শখও বলতে পারেন।
* এই পর্যন্ত কী কী কাজ করেছেন? বড়ো তারকাদের মধ্যে কার সঙ্গে কাজ করেছেন?
ইতোমধ্যে আমার বেশ কিছু টিভিসি, ওভিসি এবং নাটকে অভিনয়ের সুযোগ হয়েছে। এর মধ্যে রাফাত মজুমদার রিংকু আংকেলের "পুতুলের বিয়ে" নাটকটি খুব সাড়া ফেলেছে।
আমার এই ছোট্ট মিডিয়া জার্নিতে মেহজাবিন, মম, তানজিন তিশা, পূর্ণিমা বৃষ্টি, সাবেরী আলম, দিলারা জামান, শিল্পী সরকার, মীর রাব্বি ,যাহের আলভি, রকি খান, বাপ্পি আশরাফ, শহিদুজ্জামান সেলিম-সহ আরো অনেকের সাথেই কাজ করার সুযোগ হয়েছে। প্রত্যেকের সাথেই কাজের অভিজ্ঞতা জাস্ট মনে রাখার মতো।
* বড়ো হয়ে কী হতে চান? নাটক না কি সিনেমা কোনটিকে নেবেন পেশা হিসেবে?
* বড়ো হয়ে প্রকৃত মানুষ হওয়ার ইচ্ছা। পেশার হিসেবটা তো এখনো বলতে পারছি না, তবে একজন সফল অভিনেত্রী হিসেবেই নিজেকে ভাবতে ভালো লাগবে।
* শিশুশিল্পীদের অবস্থান বা গ্রহণযোগ্যতা মিডিয়াতে কেমন?
* শিশুশিল্পীদের গ্রহনযোগ্যতা মিডিয়াতে খুবই ভালো অবস্থানে রয়েছে। তবে তাদের সুরক্ষা এবং মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা অত্যন্ত জরুরি। অভিভাবক এবং নির্মাতাদের সচেতনতাই পারে আমাদের শৈশব বজায় রেখে প্রতিভাকে বিকশিত করতে।
* সবচেয়ে মজার ঘটনা এবং এখনও পর্যন্ত বড়ো অর্জন কোনটিকে দেখেন?
* রিংকু আংকেলের "পুতুলের বিয়ে" নাটকের সেটে আমাকে গ্রামের সাধারণ একটি মেয়ের চরিত্রে অভিনয় করতে হয়েছে। সেখানে আমার গায়ের রং একটু কালো করতে হয়। মজার বিষয় হচ্ছে, সেখানে নদীতে গোছলের একটা সিন ছিল। কালো সেঁজে নদীতে ডুব দিয়ে উঠে দেখি আমি আবার ফরসা হয়ে গেছি। একজন শিল্পীর জন্য পুরস্কারের চেয়েও বড় প্রাপ্তি হলো সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসা। এরচেয়ে বড়ো অর্জন আর কিছু নেই।
* দেশের জন্য কী করার ইচ্ছে?
* পতাকাটা গায়ে জড়িয়ে কোনো একটা উঁচু মঞ্চে দাঁড়ানোর প্রবল ইচ্ছে আমার আছে। জানি না সে আশা পূরণ হবে কি না! তবে চেষ্টাটা আমি করব।
* আচ্ছা, একটা মজার প্রশ্ন করি। আলাদীনের দৈত্য আপনার তিনটা চাওয়া পূরণ করবে। কী চান?
* প্রথম চাওয়া থাকবে, আলাদীনের সেই বিখ্যাত জাদুর কার্পেট। আমি সে কার্পেটে করে পুরো পৃথিবী ভ্রমণে যেতে চাই। দ্বিতীয় চাওয়া থাকবে, একটা আইসক্রিম ফ্যাক্টরি। আইসক্রিম আমার খুব পছন্দ। তৃতীয় চাওয়া হবে, সব প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা।
* আপনি যে অভিনয় করেন। এলাকার লোকজন-সহপাঠীরা কি আপনাকে দেখে অবাক হয়?
* আমাকে এত ছোটো বয়সে অভিনয় করতে দেখে আমার কিছু প্রিয় শিক্ষক আছেন উনারা খুব অবাক হন এবং সেই অবাক হওয়ার তালিকায় এলাকার লোকজন আর সহপাঠীরাও আছে। বিষয়টাকে আমি খুব এনজয় করি।
* আপনাকে ধন্যবাদ এবং আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।
* আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
