মো: রিয়াজ উদ্দীন,বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম :
চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় মেরিটাইম সহযোগিতা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোয়ারিস ভ্যান বোমেলের নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) পরিদর্শন করেছে।
আজ বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় প্রতিনিধি দলটি বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। পরে চবক চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক করেন তারা।
বৈঠকে চবক চেয়ারম্যান প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বন্দরের সাম্প্রতিক অর্জন তুলে ধরেন। এর মধ্যে ছিল পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে পেপারলেস পোর্ট কার্যক্রম, প্রথমবারের মতো পোর্ট কমিউনিটি সিস্টেম (সিপিএ স্কাই) চালু, ওয়ান স্টপ সার্ভিসের আওতায় অনলাইন বিলিং, পেমেন্ট ও ডেলিভারি কার্যক্রম এবং চবকের টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ।
নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের সঙ্গে দেশটির ঐতিহাসিক বাণিজ্যিক ও মেরিটাইম সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
বৈঠকে মেরিটাইম অ্যান্ড অফশোর এনএলের ট্রেড প্রমোশন ম্যানেজার পিটার ওডস কুইপার্স ‘ডাচ মেরিটাইম এক্সপার্টাইজ অ্যান্ড সলিউশনস’ শীর্ষক একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। প্রতিনিধি দলে থাকা শীর্ষস্থানীয় ডাচ প্রতিষ্ঠানগুলোও বন্দরের সার্বিক দক্ষতা বৃদ্ধি, গ্রিন পোর্ট উদ্যোগ ও আধুনিক পোর্ট ম্যানেজমেন্ট নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরে।
পরে প্রশ্নোত্তর পর্বে ড্রেজিং, লজিস্টিকস ও টার্মিনাল অপারেশন নিয়ে দুই পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এরপর প্রতিনিধি দলটি বন্দরের বিভিন্ন ইয়ার্ড ঘুরে অপারেশনাল কার্যক্রম পর্যবেক্ষণ করে এবং সার্বিক ব্যবস্থাপনায় গভীর সন্তোষ প্রকাশ করে।
দ্বিপক্ষীয় আলোচনা ও মতবিনিময় সভায় চবকের সদস্যরা, প্রকল্প পরিচালকরা, বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
The post চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে নেদারল্যান্ডসের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠক appeared first on Mohona Tv.
