১১ অক্টোবর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল এনার্জি ফোরাম-১৭ এর সাইডলাইনে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদার, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক অংশীদারদের সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে সৌদি আরব সফররত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার নাসের আল কাহতানি, কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এবং QatarEnergy-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী সা'দ শেরিদা আল-কাবি এবং ACWA Power-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে রেহান-এর সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
সৌদি আরবের বিদ্যুৎ বিষয়ক অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার-এর সাথে বৈঠকে বাংলাদেশের জ্বালানি প্রতিমন্ত্রী রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেন এবং এই বর্বরোচিত হামলার নিন্দা জ্ঞাপনসহ সৌদি আরবের পক্ষে বাংলাদেশ সরকার ও জনগণের পাশে থাকার কথা জানান। তিনি সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রীকে প্রেরিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর শোকবার্তার বিষয়েও সৌদি জ্বালানি মন্ত্রীকে অবহিত করেন। এছাড়া এই হামলায় নিহত দুইজন বাংলাদেশির মরদেহ বাংলাদেশে প্রেরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন।
বৈঠকে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন। এই বিষয়ে সৌদি মন্ত্রী বলেন, ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ সবসময়ই সৌদি সরকারের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সৌদি সরকারের চলমান সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে তিনি আশ্বাস প্রদান করেন। প্রতিমন্ত্রী বাংলাদেশ সরকা্রের জ্বালানি লক্ষ্যমাত্রা ২০৩০ পূরণে সৌদি সরকারের সক্রিয় সহযোগিতা কামনা করেন এবং এ বিষয়ে আলোচনার লক্ষ্যে উভয় দেশের প্রতিনিধি বিনিময় ও একটি সমঝোতা কাঠামো প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি বাংলাদেশকে সৌদি সরকারের দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতা প্রদান, ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপন, অফশোর ও অনশোর গ্যাস আহরণের বিষয়েও আলোকপাত করেন।
একই দিনে বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী এবং QatarEnergy-এর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা সা'দ শেরিদা আল-কাবির সাথে বৈঠকে বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা, বিদ্যমান এলএনজি আমদানি ব্যবস্থা এবং নতুন দীর্ঘমেয়াদি সরবরাহ চুক্তির সম্ভাবনা তুলে ধরা হয়। QatarEnergy-এর আন্তর্জাতিক পোর্টফোলিও থেকে এলএনজি সরবরাহ এবং উৎস ও রুট বৈচিত্র্যকরণের বিষয়টিও আলোচিত হয়। উভয় মন্ত্রীই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাণিজ্যিক ও কারিগরি আলোচনা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
দিনের তৃতীয় বৈঠকে ACWA Power-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সামির জে সেরহান-এর সাথে বাংলাদেশের নবায়ানযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে ACWA Power তাদের আগ্রহের কথা জানায়।
বৈঠককালে বাংলাদেশ প্রতিনিধিদল ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
