নবীন-প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত চুনারুঘাট মডেল প্রেসক্লাবের নেতৃবৃন্দ চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
এ সময় সাংবাদিকতা, স্থানীয় উন্নয়ন ও জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তাঁর সঙ্গে মতবিনিময় করেন প্রেসক্লাবের সদস্যরা। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের সভাপতি এস এম সুলতান খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নোমান মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমার সংবাদ-এর চুনারুঘাট প্রতিনিধি মো. আসাদুজ্জামান খান, সহসাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ সমাচার-এর চুনারুঘাট প্রতিনিধি মো. জসিম মিয়া, নির্বাহী সদস্য ও দ্য ডেইলি অবজারভার-এর চুনারুঘাট প্রতিনিধি জিলানী আকনজী, রাসেল তালুকদার, সদস্য মনির মিয়া, সোহাগ মিয়া, তানভীর তালুকদারসহ অন্যান্য সদস্যরা।
মতবিনিময়কালে সাংবাদিকতার পেশাগত দায়িত্ব, স্থানীয় উন্নয়ন কার্যক্রম, সামাজিক সচেতনতা এবং সাধারণ মানুষের সমস্যা ও জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গণমাধ্যমে তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এ সময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
চুনারুঘাট মডেল প্রেসক্লাবের মূল লক্ষ্য হলো সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাধারণ মানুষের অধিকার তুলে ধরা এবং এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখা। নবীন-প্রবীণ সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্টায় সাংবাদিকতার মানোন্নয়ন এবং জনস্বার্থে গঠনমূলক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত ঐক্যের মাধ্যমে চুনারুঘাট মডেল প্রেসক্লাব স্থানীয় সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং জনকল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
The post চুনারুঘাটে ইউএনও গালিব চৌধুরীকে মডেল প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা appeared first on Dhaka Protidin.
