সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন বিদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। একই সময়ে দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে ১৩ হাজার ৯০০ জনের বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৩ হাজার ৯০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৫৫৪ জনের বিরুদ্ধে আবাসন আইন, ৩ হাজার ৮৬৫ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৪৮৬ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার অভিযোগে ১ হাজার ৮৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। অনুমোদনহীন সীমান্তপথে দেশটি ছাড়ার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে আরও ২২ জনকে।
আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের পরিবহন, আশ্রয় দেওয়া, নিয়োগ কিংবা তাঁদের পরিচয় গোপন করার সন্দেহে আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে মোট ৩৭ হাজার ৬১৮ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে। তাঁদের মধ্যে ৩৫ হাজার ৪৪৯ জন পুরুষ এবং ২ হাজার ১৬৯ জন নারী।
এ ছাড়া ২০ হাজার ২৫২ জনকে ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৬ হাজার ৫৫৫ জনকে দেশে ফেরার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এই সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হলেও তাঁরা কোন কোন দেশের নাগরিক, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।
