কালবেলা · সাধারণ
রাঙামাটিতে পর্যটকদের নিরাপত্তায় পুলিশ বক্স স্থাপন
১৩/১০/২০২৬

রাঙামাটিতে পর্যটক ও স্থানীয় দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সড়ক বিভাগের লেক ভিউ গার্ডেনে স্থাপন করা হয়েছে পুলিশ বক্স। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে সড়ক বিভাগের পক্ষ থেকে জেলা পুলিশের কাছে পুলিশ বক্সটি হস্তান্তর করা হয়। পরে ফিতা কেটে এর উদ্বোধন করা হয়।
পুলিশ বক্স হস্তান্তর ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব এবং সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
এ সময় পুলিশ সুপার মুহম্মদ আব্দুল রকিব বলেন, লেক ভিউ গার্ডেন রাঙামাটির অন্যতম উন্মুক্ত বিনোদনকেন্দ্র, যেখানে কোনো প্রবেশমূল্য ছাড়াই স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা প্রবেশ করতে পারেন। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত নজরদারি করছে। পুলিশ বক্স স্থাপনের ফলে দর্শনার্থীদের নিরাপত্তা আরও জোরদার হবে এবং নির্বিঘ্নে এই স্থান উপভোগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা যাতে রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য ও কাপ্তাই হ্রদের মনোরম দৃশ্য উপভোগ করতে পারেন, সে লক্ষ্যেই লেক ভিউ গার্ডেন তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সড়ক বিভাগের পক্ষ থেকে পুলিশ বক্সটি জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনুষ্ঠানে সড়ক বিভাগের উপসহকারী প্রকৌশলী রনেন চাকমা ও তিথি চাকমাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে গার্ডেন প্রাঙ্গণে একটি জারুল গাছের চারা রোপণ করা হয়।
মূল প্রতিবেদনে যান ↗